২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুলাউড়ায় ট্রেনে নাশকতা, গ্রেপ্তার আরো ৫

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় রেল লাইন উপড়ে ফেলায় জড়িত সন্দেহে আরো পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মৌলভীবাজার, প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2013, 11:58 AM

Updated : 25 Apr 2022, 06:30 PM

আগেরদিনের চারজনসহ এদের বুধবার আদালতে হাজির করলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। 

মঙ্গলবার বরমচাল ও ছকাপন রেল স্টেশনের মাঝে সিলেটগামী উপবন এক্সপ্রেসের ইঞ্জিন ও চারটি বগি লাইনচ্যুত হয়।

ঘটনার পরপরই পাঁচ জনকে আটক করা হয়েছিল, যাদের মধ্যে একজনকে পরে ছেড়ে দেয় পুলিশ।

রাতেই অভিযান চালিয়ে আরো পাঁচ জনকে গ্রেপ্তার করা হয় বলে জানান কুলাউড়া থানার ওসি সেলিম নেওয়াজ।

এরা হলেন- জামায়াতকর্মী খাদেমুল বাসার (২৭), সফিকুল ইসলাম শিপু (২২), করিম (২৮), বিএনপিকর্মী দেলোয়ার হোসেন (৩১), ফাহিম (১৮)।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুই দফায় মোট ১০ জনকে আটক করা হলেও একজনকে পরে ছেড়ে দেয়া হয়েছে। বাকি নয় জনকে নাশকতার অভিযোগ এনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

মঙ্গলবার রাতে কুলাউড়া রেলওয়ে জিআরপি থানায় ৩২ জনের নামোল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় আরো ২০-৩০ জনকে আসামি করে মামলাটি দায়ের করা হয় বলে জানান রেলওয়ে জিআরপি থানার ওসি স্বপন বড়ুয়া।

এদিকে ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় কর্তব্যে অবহেলার অভিযোগে রেলওয়ের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানান রেলওয়ের ট্রাফিক ইন্সপেক্টর (নিয়ন্ত্রণ) আতাউর রহমান আতা।

এরা হলেন- কুলাউড়া রেলওয়ে স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার কেফায়েত উল্লাহ ও ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পিডব্লিউআই-পথ) আলী আজম।

রেলওয়ের ট্রাফিক ইন্সপেক্টর (নিয়ন্ত্রণ) আতাউর রহমান আতা জানান, ট্রেন লাইনচ্যুত হওয়ার কারণ অনুসন্ধানে রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক শাহাদত হোসেনকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তদন্তের পর সুপারিশের ভিত্তিতে তাদের বরখাস্ত করা হয়েছে বলে জানান ট্রাফিক ইন্সপেক্টর।

বিএনপি নেতৃত্বাধীন জোটের হরতালে বেইস প্লেট খুলে লাইন উপড়ে ফেলায় মঙ্গলবার ভোর পৌনে ৫টার দিকে কুলাউড়া ও ছকাপন স্টেশনের মাঝামাঝি এলাকায় উপবন এক্সপ্রেসের ইঞ্জিন ও চারটি বগি লাইনচ্যুত হয়।প্রায় ১২ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকার পর বিকাল পৌনে ৫টার দিকে চলাচল স্বিাভাবিক হয়।