সাগর-রুনি হত্যার বিচার দাবিতে সমাবেশ করবে ডিআরইউ
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে আগামী ২৫ মার্চ সমাবেশের ডাক দিয়েছে সাংবাদিকদের একটি সংগঠন।
এ হত্যাকাণ্ডের বিচার দাবিতে এর আগে সাংবাদিকদের চারটি সংগঠন ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে আসলেও এবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এককভাবে এ কর্মসূচি ঘোষণা করেছে।
বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ইলিয়াস খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সমাবেশের ঘোষণা দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “সাগর-রুনির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে আগামী ২৫ মার্চ সকাল ১১টায় ডিআরইউ প্রাঙ্গনে সাংবাদিক সমাবেশের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।”
গত বছর ফেব্রুয়ারিতে সাগর-রুনি খুন হওয়ার পর থেকে হত্যাকাণ্ডের বিচার দাবিতে সাংবাদিকদের চার সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)ও জাতীয় প্রেস ক্লাব ঐক্যবদ্ধভাবে কর্মসূচি পালন করে আসছিল।
মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজ বাসভবনে খুন হন।
এই সাংবাদিক দম্পতি কী কারণে খুন হয়েছেন, সে বিষয়ে এখনো কিছু জানাতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।
