২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাণ ফিরেছে বেনাপোলে

হরতাল, অবরোধ ও সাপ্তাহিক ছুটিতে চলতি মাসে ১৭ দিন পণ্য সরবরাহের কাজ বন্ধ থাকার পর ক্ষতি পোষাতে কর্মচাঞ্চল্য ফিরেছে বেনাপোল স্থল বন্দরে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আসাদুজ্জামান আসাদ, বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2013, 06:22 AM

Updated : 23 Aug 2022, 10:25 AM

পণ্যজট কমাতে বুধবার সকাল থেকে পুরোদমে কাজ শুরু করেছেন বন্দরের দুই হাজার হ্যান্ডেলিং শ্রমিক।

সংশ্লিষ্টরা জানান, দেশীয় শিল্প কারখানাগুলোর প্রয়োজনীয় কাঁচামালের ৭০ শতাংশই বেনাপোল দিয়ে আমদানি করা হয়। অথচ মার্চের প্রথম ২০দিনের মধ্যে ১৭দিনই নিরাপত্তাজনিত কারণে আমদানি পণ্য দেশের ভেতরে সরবরাহের কাজ বন্ধ থাকে। এতে দারুণভাবে ক্ষতিগ্রস্ত হন ব্যবসায়ীরা।

বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং অ্যন্ড ফরোয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চলতি মাসে বিএনপি জামায়াতের ডাকে ৭ দিন হরতাল হয়েছে। বেনাপোলের একজন কাউন্সিলর অপহরণের ঘটনায় ৮ থেকে ১১মার্চ ৪ দিন অবরোধ করে আওয়ামীলীগ। আর ১৪ মার্চ ছিল শ্রমিকদের অবরোধ।

এছাড়া ১৭মার্চ বঙ্গবন্ধুর জম্মদিন উপলক্ষে ছুটি এবং চার দিন সাপ্তাহিক ছুটি মিলিয়ে সতের দিন এক প্রকার স্থবির থাকে দেশের সর্ববৃহৎ এ স্থল বন্দরে।  

সিরাজ বলেন, হরতাল ও অবরোধের মধ্যে আমদানি-রপ্তানি ও শুল্ক বিভাগের কাজকর্ম  চললেও নিরাপত্তার অভাবে বন্দর থেকে খালাস করা পণ্য নিয়ে ট্রাক চালকরা গন্তব্যে যেতে পারেননি। ফলে ব্যবসায়ীরাও তাদের শিল্প কারখানার জন্য আনা কাঁচামাল সময়মতো পাননি ।

“এই পরিস্থিতিতে আমরা দারুণ উদ্বিগ্ন । এমন চলতে থাকলে চলতি অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডের বেঁধে দেয়া শুল্ক আদায়ের লক্ষমাত্রা পূরণ করা সম্ভব হবে না । জাতীয় অর্থনীতিতে মারাত্মক বিরূপ প্রভাব পড়বে।”

বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) আব্দুল আওয়াল হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জমে থাকা পণ্যের চালান সরবরাহের জন্য শ্রমিকরা বুধবার সকাল থেকে পুরোদমে কাজে যোগ দিয়েছে। ফলে বেনাপোলে স্বাভাবিক প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।”

বেনাপোল শুল্কভবনের যুগ্ম কমিশনার ফাইজুর রহমান বলেন, পণ্যজট কমাতে প্রয়োজনে নির্ধারিত সময়ের পরও বাড়তি সময় কাজ করবেন কাস্টমস কর্মকর্তারা।