২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেক-মামুনের অর্থপাচার মামলায় সাক্ষীর জেরা চলছে

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তার বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে অর্থপাচার মামলায় সোনালী ব্যাংকের সাবেক ডিজিএম নজরুল ইসলামের জেরা অব্যাহত রয়েছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2013, 04:55 PM

Updated : 23 Aug 2022, 10:24 AM

মঙ্গলবার ঢাকার তিন নম্বর বিশেষ জজ মো. মোজাম্মেল হোসেন এই সাক্ষীকে আবারো জেরার জন্য আগামী ২৮ মার্চ দিন ধার্য করেছেন ।

এদিন তারেক এবং মামুনের আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলাম সাক্ষী নজরুল ইসলামকে জেরা করেন।

রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এর আগে গত ১৭ জানুয়ারি এ মামলায় সোনালী ব্যাংক ক্যান্টনমেন্ট শাখার কর্মকর্তা সৈয়দ এহসানুল হাফিজের জেরা শেষ হয়।

এর আগে এ মামলার ৯ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সমপন্ন হয়।

মামলার অন্যতম আসামি মামুনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

টঙ্গীতে প্রস্তাবিত ৮০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ পাইয়ে দেয়ার বিনিময়ে নির্মাণ কন্সট্রাকশন কোম্পানি লিমিটেডের মালিক খাদিজা ইসলামের কাছ থেকে গিয়াসউদ্দিন আল মামুন ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার ৮৪৩ টাকা নেন। সিঙ্গাপুরে এই অর্থ লেনদেন হয়।

এরপর মামুন ওই অর্থ সিঙ্গাপুরের ক্যাপিটাল স্ট্রীটের সিটি ব্যাংক এনএতে তার ব্যাংক হিসাবে জমা করেন। এই অর্থের মধ্যে তারেক রহমান তিন কোটি ৭৮ লাখ টাকা খরচ করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

২০১১ সালের ৬ জুলাই দুদক আদালতে এ মামলার চার্জশিট দাখিল করে।