২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউপি চেয়ারম্যান মলয় হত্যা মামলার রায় রোববার

ফরিদপুরের ইউপি চেয়ারম্যান মলয় কুমার বোস হত্যা মামলায় আগামী রোববার রায় ঘোষণার দিন ধার্য করেছে ঢাকার একটি আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2013, 12:02 PM

Updated : 23 Aug 2022, 10:24 AM

সোমবার ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক মো. মোতাহার হোসেন মামলাটির যুক্তিতর্কের শুনানি গ্রহণ শেষে এ তারিখ রাখেন।

ফরিদপুরের সালতা থানার আটঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মলয়(৪৫) ফরিদপুর শহরের কোতয়ালি এলাকার রণকাইল গ্রামের নিমাই দাসের বাড়ির সামনের রাস্তায় গত বছরের ৭ ফেব্রুয়ারি সকালে প্রতিপক্ষের হাতে খুন হন।

ওই হত্যাকাণ্ড সংবাদমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়েছিল। 

ঘটনার দুই দিন পর নিহতের স্ত্রী ববিতা বোস ফরিদপুরের কোতয়ালি থানায় মামলা দাযের করেন।

মামলার নথিপত্র সূত্রে জানা যায়, মলয় কুমার বোস ধর্মীয় সংখ্যালঘু  হওয়ায়

ধর্মীয় সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের দুষ্কৃতকারীরা তাকে বার বার চেয়ারম্যান পদ থেকে অপসারণের উদ্যোগ নেয়। েএতে ব্যর্থ হওয়ায় তাকে পৃথিবী থেকে সরিয়ে দেয়ার পরিকল্পনা আঁটে।

ঘটনার দিন মলয় তার অনুসারী মো. সোহাগের মোটর সাইকেলে করে যাওয়ার সময় রাত সাড়ে ১১ টার দিকে ঘটনাস্থলে আসামিরা তাকে ঘেরাও করে কুপিয়ে খুন করে।

এ মামলায় আসামি ২৯ জন। তাদের মধ্যে রয়েছে- সেন্টু মাতুব্বর, ইমামুল হোসেন তারা মিয়া, সোহেল মিয়া, আসাদ মাতুব্বর, মনিরুজ্জামান শেখ মনির, আমিনুল মাতুব্বর, ছত্তার মোল্লা, উজ্জল বেপারী, নজরুল শেখ, শহীদ মোল্লা, নসরু খান, হাতেম মোল্লা, বকুল মাতুব্বর, সলেমান খান, দেলোয়ার মোল্লা, বেলায়েত হোসেন মোল্লা, ইমরান মাতুব্বর, মিজানুর মোল্লা, মোশারফ মোল্লা, ওলিয়রি রহমান ওলি, অককাছ শিকদার, মামুন মাতুব্বর, হাশেম মোল্লা ও আজাদ  মোল্লা।

আসামি বেলায়েত ও মনিরুজ্জামান হত্যার দায় স্বীকার করে ঘটনার সবিস্তার বর্ণনা দিয়ে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। এতে অন্য আসামিদেরও নাম প্রকাশ করে তারা।

জামিনে থাকা মনিরুজ্জামান, জাহাঙ্গীর, আক্কাস মামলার সাক্ষ্য শেষ হওয়ার পর পালিয়ে যায়। জামিনে থাকা বাকী ২৬ আসামিকে যুক্তিতর্কের দিন জামিন বাতিল করে কারাগারে পাঠানো হয়।

মামলার বিচারকালে রাষ্ট্রপক্ষে ১৯ জনের সাক্ষ্য নেওয়া হয় ।

নথিপত্রসূত্রে আরো জানা যায়,  হত্যার আগে মলয়কে বার বার হুমকি দেয় আসামিরা। বিষয়টি নিয়ে নিহতের পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলন ও মানববন্ধন করে এলাকায়।

মামলাটির নথি বিচারের জন্য ফরিদপুরের আদালত থেকে ঢাকার এই ট্রাইবুনালে গত বছরের নভেম্বর মাসে বদলি হয়ে আসে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান এ ট্রইবুনালে রাষ্ট্রপক্ষের আইনজীবী বিশেষ পিপি এস এম রফিকুল ইসলাম।