২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে পুলিশ-পিকেটার সংঘর্ষ

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা হরতালের দ্বিতীয় দিনে লালমনিরহাটে পিকেটারদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

লালমনিরহাট,প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2013, 10:57 AM

Updated : 23 Aug 2022, 10:24 AM

মঙ্গলবার দুপুরে শহরের মিশন রোড এলাকায় এ সময় ইট-পাটকেলের আঘাতে পুলিশ সাংবাদিকসহ অন্তত ৮ জন আহত হন।

এদিকে দুপুরেই হরতালবিরোধী একটি মিছিল থেকে শহরের স্টেশন রোডে জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক দল কার্যালয়ে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে জানায় পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১০টার দিকে জেলা পরিষদ মোড় থেকে আওয়ামী লীগের হরতালবিরোধী একটি লাঠি মিছিল শহরের মিশন মোড়ে অবস্থান নেয়।

এর আগে সকাল থেকে হরতালের সমর্থনে বিএনপি শহরে খণ্ড-খণ্ড মিছিল করে।

হরতালকারীরা ১১টার দিকে শহরের টিএনটি মোড়, জেলা পরিষদ অডিটরিয়াম ও পুরাতন বাসস্ট্যান্ড তিনদিক থেকে মিছিল নিয়ে মিশন মোড়ে প্রবেশ করতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়।

এ সময় পুলিশ ও পিকেটারদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেলের আঘাতে এক মহিলা পুলিশ, সাংবাদিকসহ অন্তত ৮ জন আহত হয় বলে জানান লালমনিরহাট সদর থানার ওসি জমির উদ্দিন।

তিনি জানান, পুলিশ এ সময় ৯ রাউন্ড কাঁদানে গ্যাস ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

পরে দুপুর ১২টার দিকে আওয়ামী লীগের হরতালবিরোধী মিছিলটি মিশন মোড় চত্বর থেকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের দিকে ফিরে যাওয়ার সময় শহরের স্টেশন রোডে জেলা জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিকদল কার্যালয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

পরে দমকল বাহিনীর কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

লালমনিরহাট পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, শহরের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।