২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে পুলিশের গাড়িতে হামলা

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা হরতালের দ্বিতীয় দিনে ময়মনসিংহে পুলিশের গাড়িতে হামলা চালিয়েছে পিকেটাররা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ময়মনমসিংহ,প্রতিনিধি,.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2013, 10:17 AM

Updated : 23 Aug 2022, 10:24 AM

মঙ্গলবার দুপুরের দিকে শহরের বাউন্ডারি রোডে এ ঘটনা ঘটে।

এছাড়াও শহরের বিভিন্ন স্থানে হরতাল সমর্থনকারীরা মিছিল বের করে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা চালায়।

পুলিশ সুপার মঈনুল হক সাংবাদিকদের জানান, শহরের বাউন্ডারী রোডে হরতালসমর্থকরা পুলিশের রিকুইজিশান করা গাড়ি লক্ষ্য করে ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ করে।

এই ঘটনায় পুলিশ ফারুক নামে এক বিএনপি কর্মীকে আটক করে প্রহার করে। এতে ফারুক অসুস্থ হয়ে পড়লে তাকে পুলিশি প্রহরায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এছাড়া হরতালের সমর্থনে শিবিরকর্মীরা শহরের পাটগুদাম এলাকায় মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ ব্যানার কেড়ে নিয়ে তিন শিবিরকর্মীকে আটক করে বলে জানান পুলিশ সুপার।  

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে জামায়াত-শিবির শহরের কাঠগোলা বাজারে টায়ারে অগ্নিসংযোগ করে ময়মনসিংহ-টাঙ্গাইল সড়ক অবরোধ করার চেষ্টা করে। পরে পুলিশ গিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

শহরের বাঘমারা মেডিকেল রেলগেইট এলাকায় জাতীয়তাবাদী মহিলা দল হরতালের সমর্থনে মিছিল করার সময় দুটি রিকশা ভাঙচুর করে।

যুবদল ও ছ্ত্রাদল বিএনপি জেলা কার্যালয় থেকে মিছিল বের করলে নতুনবাজার মোড়ে পুলিশ বাধা দেয়।

ভোরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদল রাস্তায় টায়ারে অগ্নিসংযোগ ও হরতালের সমর্থনে বিক্ষোভ করে।

শহরের মাদ্রাসা কোয়ার্টার এলাকায় রেল লাইনে আগুন ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে হরতালসমর্থকরা।