২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে পারিবারিক বিরোধে খুন হলেন মুক্তিযোদ্ধা

পারিবারিক বিরোধের জের ধরে গাজীপুর সদর উপজেলায় প্রতিপক্ষের হাতে খুন হয়েছেন এক মুক্তিযোদ্ধা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গাজীপুর,প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2013, 09:25 AM

Updated : 23 Aug 2022, 10:24 AM

সোমবার রাতে উপজেলা কাউলতিয়া এলাকায় মুক্তিযোদ্ধা আবদুর রউফকে (৬০) কুপিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের ভাই বেলাল উদ্দিন শিকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আব্দুর রউফ কাউলতিয়া এলাকার সিরাজ উদ্দিনের ছেলে। তিনি একাত্তরে ৩ নম্বর সেক্টরের যোদ্ধা ছিলেন।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে জয়দেবপুর থানার উপ-পরিদর্শক মো. সাখাওয়াত হোসেন সাংবাদিকদের জানান, জমিজমা ও মাছের খামার নিয়ে ভাইয়ের সঙ্গে পারিবারিক বিরোধ ছিল আবদুর রউফের।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে মাছের খামার থেকে বাড়ি ফেরার পথে আক্রান্ত হন রউফ। হামলাকারীরা তাকে কুপিয়ে জখম করে।

রউফের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান, রউফ মারা গেছন।

উপ-পরিদর্শক সাখাওয়াত জানান, নিহতের পিঠে, হাঁটুর নিচে ও তলপেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল।

এ ঘটনায় নিহতের ছেলে নূরে আলম জয়দেবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। নিহতের ভাই বেলাল উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মুক্তিযোদ্ধা রউফ মুক্তিযুদ্ধের শুরুতেই ভারত থেকে প্রশিক্ষণ নেন। কোনো পদে না থাকলেও মুক্তিযোদ্ধা সংসদের সঙ্গে তিনি যুক্ত ছিলেন বলে জানান জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার এস এম মুজিবুর রহমান।