২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশকে চাপ দেয়া হচ্ছে, অভিযোগ ত্বকীর বাবার

তানভীর মোহাম্মদ ত্বকী হত্যার তদন্ত ও বিচার যাতে না হয় সেজন্য কোনো কোনো মহল পুলিশকে চাপ দিচ্ছে বলে অভিযোগ করেছেন নিহতের বাবা নারায়ণগঞ্জ গণজাগরণ মঞ্চের উদ্যোক্তা রফিউর রাব্বি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2013, 12:25 PM

Updated : 23 Aug 2022, 10:24 AM

সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “কোনো কোনো দিক থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুলিশকে চাপ দেয়া  হচ্ছে। ... পুলিশ তার সীমাবদ্ধতার মধ্যে কাজ করছে। পুলিশের উপর উচ্চ মহলের চাপ থাকলে তারা সঠিকভাবে কাজ করতে পারবে না।

“স্বরাষ্ট্র মন্ত্রণালয় ত্বকী হত্যাকাণ্ডের ঘটনায় প্রথম যেই জায়গায় ছিল, এখন আর সেই জায়গায় আছে বলে মনে করি না।”

গত শুক্রবার এক সমাবেশে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভী ত্বকী হত্যাকাণ্ডের জন্য শামীম ওসমানকে দায়ী কারার পর এর প্রতিবাদে রোববার পুলিশ সুপারকে তার স্মারকলিপি দেয়ার বিষয়টিকে মামলার তদন্ত কাজ নিরপেক্ষভাবে করার ক্ষেত্রে প্রশাসনের উপর চাপ তৈরির কৌশল বলে মন্তব্য করেছিলেন রাব্বি।

এর আগে গত ১৫ মার্চ নারায়ণগঞ্জে এক গণজমায়েতে ছেলে হত্যার বিচার নিয়ে সংশয় প্রকাশ করে রফিউর রাব্বি বলেছিলেন, “স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী পুলিশ প্রশাসনকে ফোন করে বলেছে, ত্বকী হত্যার ঘটনা নিয়ে বেশি এগোনোর দরকার নাই।”

সংবাদ সম্মেলনে লিখিত ব্যক্তব্যে বলা হয়, ত্বকী খুন হওয়ার পর তার পরিবারের পক্ষ থেকে র‌্যাব, পুলিশ, স্থানীয় প্রশাসন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সরকারের উচ্চ মহলে আবেদন করা হলেও তারা কোনো অভিযান পরিচালনা করেনি। ত্বকীর লাশ উদ্ধারের পর ১০ দিনেও খুনিদের ধরা হয়নি। এর আগে তরুণ নাট্যকার চঞ্চল ও আশিককে একইভাবে হত্যা করা হয়।

নারায়ণগঞ্জে একটার পর একটা হত্যাকাণ্ড হলেও তার বিচার হয়নি উল্লেখ করে এতে বলা হয়, “ত্বকী হত্যাকাণ্ড ধামাচাপা দেওয়ার নানা প্রক্রিয়া চলছে। আমরা নারায়ণগঞ্জে এই বিভীষিকাময় অবস্থার অবসান চাই। আর কোনো হত্যা এবং সন্ত্রাস আমরা চাই না।

“এই জনপদ থেকে সন্ত্রাস চিরতরে নির্মূল করার চেতনায় সকল পেশাজীবী মানুষের সমন্বয়ে ‘সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ’ কমিটি গঠন করা হয়েছে।”

নারায়ণগঞ্জের নাগরিক আন্দোলনের নেতা রাব্বি আরো বলেন, ত্বকীর লাশ উদ্ধারের পর মামলায় সুনির্দিষ্টভাবে কারো নাম না দিলেও কী কারণে ত্বকীকে হত্যা করা হতে পারে সেই বিষয়টি উল্লেখ করা হয়েছে।

“শামীম ওসমান ও তার পরিবারই ত্বকীকে হত্যা করেছে। বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদ, নাগরিক ও সামাজিক আন্দোলনের কারণে তারা ক্ষতিগ্রস্ত হয়েছিল।”

ইতিমধ্যে ত্বকী হত্যার বিচারসহ নারায়ণগঞ্জে সন্ত্রাস ও খুন প্রতিরোধে বিভিন্ন শ্রেণী ও পেশার প্রগতিশীল প্রতিনিধিদের সমন্বয়ে ২০১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। রফিউর রাব্বিকে ‘সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ’ নামের এই কমিটির আহ্বায়ক করা হয়। আর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র  সেলিনা হায়াত আইভীকে উপদেষ্টা করা হয়েছে।

ত্বকীর বাবা জানান, নারায়ণগঞ্জের এই বিশেষ পরিস্থিতির কারণে এই কমিটি করা হয়েছে। আমরা আমাদের সন্তানদের সন্ত্রাসীদের হাতে জিম্মি রেখে আন্দোলন বা অন্য কাজ করতে পারবো না।

এই কমিটির উদ্যোগেই দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন নবগঠিত কমিটির সদস্য সচিব নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কবি হালিম আজাদ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শহর আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিক, জেলা খেলাঘরের সভাপতি রথীন চক্রবর্তী, ওয়ার্কার্স পার্টির সভাপতি শফিউদ্দিন আহম্মেদ, সিপিবির সভাপতি হাফিজুল ইসলাম, বাসদের সমন্বয়ক নিখিল দাস, ন্যাপের সভাপতি আওলাদ হোসেন ও গণসংহতি আন্দোলনের আহ্বায়ক তরিকুল সুজন।

গত ৬ মার্চ চাষাড়ার ইংরেজি মাধ্যমের স্কুল এবিসি ইন্টারন্যাশনাল থেকে ‘এ’ লেভেল পরীক্ষায় অংশ নেয়া ত্বকী নিখোঁজ হয়। দুদিন পর শহরের চারারগোপ এলাকায় শীতলক্ষ্যা নদীসংলগ্ন খাল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

 ঘটনায় আসামি হিসেবে কারো নাম উল্লেখ না করে রফিউর রাব্বি বাদি হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন। এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।