নোয়াখালীতে জিপ খাদে, আহত ১৬
নোয়াখালীর হাতিয়া উপজেলায় একটি জিপ খাদে পড়ে দুই শিক্ষার্থীসহ ১৬ যাত্রী আহত হয়েছে।
সোমবার সকালে হাতিয়ার খাসের হাট এলাকায় দুর্ঘটনাটি ঘটে বলে পুলিশ জানায়।
আহতদের মধ্যে চার জনকে নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।বাকি ১২ জনকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে হাতিয়া আদর্শ মহিলা কলেজের দুই ছাত্রী রয়েছে। তারা হলেন- একাদশ শ্রেণির নিষ্কৃতি দাস ও দ্বাদশ শ্রেণির সালমা আক্তার।
বাকিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হাতিয়া থানার ওসি মোক্তার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাড়ে ৯টার দিকে হাতিয়ার নলচিরা ঘাট থেকে জিপটি উপজেলা সদরের ওসখালীর দিকে রওনা হয়।
খাসের হাট এলাকায় জিপটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে প্রচণ্ড বেগে ধাক্কা খেয়ে রাস্তার পাশে খাদে পড়ে দুমড়ে-মুচড়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত যাত্রী ও দুর্ঘটনাকবলিত জিপটি উদ্ধার করে বলে জানান ওসি।
দুর্ঘটনায় দুই ছাত্রী আহত হওয়ায় হাতিয়া আদর্শ মহিলা কলেজের শিক্ষার্থীরা উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করেছে।
