ব্যাংক পর্ষদের আকার বেঁধে দিচ্ছে সরকার
ব্যাংক ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে পরিচালকের সংখ্যা বেঁধে দিয়ে আইন সংশোধনের প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার।
বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের বলেন, গত ৪ মার্চ এ আইনের খসড়ায় মন্ত্রিসভা নীতিগত অনুমোদন দিয়েছিল। যাচাইবাছাইয়ের পর ব্যাংকের পরিচালক নিয়োগের বিধিতে সামান্য পরিবর্তন আনা হয়েছে। এ ছাড়া নীতিগত অনুমোদন পাওয়া প্রস্তাবটিই চূড়ান্ত অনুমোদন পেয়েছে।
এতে বলা হয়েছে, এ আইন পাস হলে প্রতিটি ব্যাংকে সর্বাধিক ২০ জন পরিচালক থাকতে পারবেন, যাদের মধ্যে চারজন হবেন স্বতন্ত্র পরিচালক। আগের আইনে পরিচালকের কোনো সংখ্যা নির্দিষ্ট করা ছিল না।
পরিচালকদের মেয়াদের ক্ষেত্রে ব্যাংকগুলো এতোদিন আলাদা নিয়ম অনুসরণ করলেও এ আইন পাস হলে এক মেয়াদে ৩ বছরের বেশি সময় কেউ পরিচালক থাকতে পারবেন না। একজন পরিচালক পরপর দুই মেয়াদ পরিচালক থাকতে পারবেন। এরপর মাঝখানে বিরতি দিয়ে আবারো পরিচালক হতে পারবেন।
তবে বর্তমানে যারা ২ মেয়াদের বেশি রয়েছেন তারা তাদের মেয়াদ পূর্ণ করবেন। আইনটি পাস হলে একই সময়ে একই ব্যাক্তি বিভিন্ন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক হতে পারবেন না।
সংশোধিত আইনে ‘স্পেশালাইজড ব্যাংক’ বলতে ‘বিশেষায়িত’ ব্যাংক বোঝানো হবে বলে সচিব জানান।
তিনি বলেন, এ আইনের মাধ্যমে ব্যাংক বা সমবায় ব্যাংকিংয়ের নামে প্রতারণাও বন্ধ করা যাবে।
খসড়া আইনের ২৬(ক) ধারা অনুযায়ী, কোনো ব্যাংক অন্য কোনো কোম্পানির শেয়ার ধারণের ক্ষেত্রে ওই কোম্পানির আদায়কৃত মূলধন, শেয়ার প্রিমিয়াম, সংবিধিবন্ধ সঞ্চিতি, রিটেইল আর্নিং এর মোট পরিমানের ৫ শতাংশ এবং ওই কোম্পানির আদায়কৃত মূলধনের ১০ শতাংশের বেশি শেয়ার ধারণ করতে পারবে না।
তবে শরিয়া ব্যাংকিং বা ইসলামী ব্যাংকের ক্ষেত্রে নিয়ম আগের মতোই থাকছে বলে সচিব জানান।
বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আইনটি পাস হলে কোনো ব্যাংক তাদের আদায়কৃত মূলধন, শেয়ার প্রিমিয়াম, সংবিধিবন্ধ সঞ্চিতি, রিটেইন আর্নিং এর মোট পরিমাণে ২৫ শতাংশের বেশি পঁজিবাজারে বিনিয়োগ করতে পারবে না।
বর্তমানে কোনো ব্যাংকের বিনিয়োগের পরিমাণ ২৫ শতাংশের বেশি থাকলে তা তিন বছর সময়ের মধ্যে কমিয়ে আনতে হবে।
এতোদিন ব্যাংকগুলো তাদের দায়ের ১০ শতাংশ অর্থ শেয়ারবাজারে বিনিয়োগ করতে পারত।
ব্যাংক কোম্পানি আইন লংঘন করলে বাংলাদেশ ব্যাংক ব্যক্তির পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সর্বোচ্চ ২০ লাখ টাকা জরিমানা করতে পারবে। নির্ধারিত সময়ে জরিমানা আদায় না হলে প্রতিদিন ৫০ হাজার টাকা করে বাড়বে জরিমানার পরিমাণ।
এছাড়া সমবায় সমিতির নামে কেউ যেন ব্যাংকিং কার্যক্রম চালাতে না পারে সে ব্যবস্থাও এ আইনে নেয়া হয়েছে বলে জানান সচিব।
তিনি বলেন, ব্যাংক শব্দের ব্যবহার করে যেন কেউ প্রতারণা করতে না পারে সে ব্যবস্থা নেয়া হয়েছে। সমবায় সমিতি আইনে এ ব্যাপারে নির্দিষ্ট করে বলা হয়েছে।
এ আইনের প্রয়োগ স্থগিত করার প্রয়োজন হলে বাংলাদেশ ব্যাংক সরকারের সঙ্গে পরামর্শ করে সে উদ্যেগ নিতে পারবে। আগে কেবল সরকারই তা করতে পারত।
সচিব বলেন, প্রস্তাবিত আইনে খেলাপি ঋণ গ্রহীতার সংজ্ঞা আরো স্পষ্ট করে দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, মেয়াদ পার হওয়ার ছয় মাস পরও ঋণ বা সুদ আদায় না হলে তা খেলাপি ঋণ হিসাবে গণ্য করা হবে নতুন আইনে।
