পুরান ঢাকায় সড়ক দুর্ঘটনায় আহত ৫
রাজধানীর পুরান ঢাকায় পিকআপের ধাক্কায় স্বামী-স্ত্রী ও দুই ভাইসহ পাঁচজন আহত হয়েছেন। এদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
রোববার সকাল ১১টার দিকে বাবুবাজার সেতুর উপর এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, আবদল করিম (৫০, তার স্ত্রীর রওশন আরা (৪৫), দুই ভাই জনি (৩০) ও এ্যানি (২৪)। আহত অপরজন হলেন রিকশাচালক মশিউর রহমান (৩৫)।
কোতয়ালী খানার উপপরিদর্শক (এসআই) মানবেন্দ্র বালো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একটি পিকআপ সেতুর দক্ষিণ পাশে একটি রিকশাকে ধাক্কা দেয়। এ সময় রিকশাটি একটি মোটরসাইকেলে উপর পড়লে রিকশা ও মোটরসাইকেল যাত্রীরা আহত হন।
তিনি বলেন, এদের মধ্যে রিকশাযাত্রী রওশন আরা ও মোটর সাইকেলযাত্রী এ্যানির আঘাত গুরুতর। তাদেরকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পিকআপটি আটক করা হলেও এর চালক পালিয়ে যায় বলে এসআই জানান।
