ফেনীতে যুবলীগের সংঘর্ষে আহত ২
ফেনীতে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় যুবলীগের দুই কর্মী আহত হয়েছেন।
শনিবার ওই ঘটনায় আহতরা হলেন মোহাম্মদ তুহিন (২২) ও তাসমির (২৫)। এদের মধ্যে তাসমিরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তুহিনকে ভর্তি করা হয় ফেনী সদর হাসপাতালে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফেনী মডেল থানার এসআই সোলায়মান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে শহরের মাস্টার পাড়া রামতারা শিশু পার্কের পাশে স্থানীয় যুবলীগকর্মী তাসমিরের নেতৃত্বে একদল যুবক তুহিনের শরীরের বিভিন্ন স্থান কেটে দেয়। বিকালে তুহিনের পক্ষের কর্মীরা ঢাকা-চট্টগ্রাম রেল লাইনের ফেনীর সহদেবপুর এলাকায় তাসমিরের একটি কব্জি কেটে দেয়।
ওই পুলিশ কর্মকর্তা আরো জানান, কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি।
জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সুশেন চন্দ্র শীল বলেন, তিনি হামলা ও সংঘর্ষের বিষয়ে কিছুই জানেন না।
