ধামরাইয়ে অস্ত্র ও সোনাসহ ৪ ডাকাত গ্রেপ্তার
ঢাকার ধামরাই উপজেলায় অস্ত্র ও স্বর্ণালঙ্কারসহ চার ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে উপজেলার যাদবপুর ইউনিয়নের গোমগ্রাম বাজারসংলগ্ন একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো- সোনা মিয়া (৪৫), নান্নু মিয়া (৪০), নায়েব আলী (৪০) ও মন্টু মিয়া (৪২)।
ধামরাই থানার পরিদর্শক (তদন্ত) ইমাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর আনুমাণিক ১টার দিকে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের সহযোগিতায় গোমগ্রাম বাজারসংলগ্ন সোনামিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। পরে বাড়ির গোয়াল ঘরে তল্লাশি করে অস্ত্রশস্ত্র, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা উদ্ধার করা হয়।
ইমাম হোসেন বলেন, “উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে একটি বন্দুক, দুটি পাইপ গান, দুটি হকিস্টিক, তিনটি চাপাতি, ২২ রাউন্ড বন্দুকের গুলি, ১৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ৭৫ হাজার টাকা।”
উদ্ধার করা টাকা ও স্বর্ণালংকার সম্প্রতি মানিকগঞ্জের ঘিওর এলাকার একটি বাড়ি থেকে ডাকাতি করা হয়েছিল বলে ওই পুলিশ কর্মকর্তার ধারণা।
এব্যাপারে থামরাই থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
