২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম আদালত ভবনে দুই সাংবাদিকের উপর হামলা

মানি লন্ডারিং মামলার এক আসামীর ছবি তোলা ও সংবাদ সংগ্রহের সময় চট্টগ্রাম আদালত ভবনে বৃহস্পতিবার আসামী পক্ষের লোকজনের হামলার শিকার হয়েছেন দুই টিভি সাংবাদিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2013, 01:26 PM

Updated : 23 Aug 2022, 10:23 AM

তারা হলেন, এটিএন বাংলা, চট্টগ্রাম অফিসের স্টাফ রিপোর্টার শাহরিয়ার হাসান ও ক্যামেরা পার্সন রনি দাশ।

রনি দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বেলা পৌনে তিনটার দিকে নতুন আদালত ভবনের নিচতলায় সাংবাদ সংগ্রহ ও ছবি তুলতে গেলে আসামী আলী আব্বাসের পক্ষের ২০ থেকে ২৫ জন লোক আমাদের উপর হামলা চালায়। তারা আমার ক্যামেরাও ভাংচুর করে।”

তিনি অারো জানান, হামলাকারীদের মধ্যে চারজনকে তিনি সনাক্ত করতে পেরেছেন। কোতোয়ালী থানা পুলিশকে বিষয়টি অবহিত করেছেন এবং মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

এ ব্যাপারে দুর্নীতি দমন কমিশনের (দুদক) রাষ্ট্র পক্ষের আইনজীবী মাহমুদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  “ঘটনাটি আমি শুনেছি। তবে বিস্তারিত কিছু জানিনা। তবে এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আসামীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) উৎপল বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হামলার ঘটনায় বেশ কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে এবং এব্যাপারে মামালা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

ব্যবসায়ী আলী আব্বাস কৃষি ব্যাংক ও ইউসিবিএল ব্যাংক খাতুনগঞ্জ শাখা থেকে পণ্য আমদানির বিপরীতে নেয়া ৪৪ কোটি ৩৫ লাখ ৮১ হাজার ৭৫৩ টাকা পরিশোধ না করে বিদেশে পাচারের অভিযোগে দুদক’র সহকারী পরিচালক মাহবুবুল হক গত ২৪ জানুয়ারি ‘মানি লন্ডারিং’ আইনে নগরীর কোতোয়ালী থানায় মামলাটি দায়ের করেন।

এরপর এই ব্যবসায়ী উচ্চ আদালত থেকে এক মাসের জামিন নিয়েছিলেন।

জামিনের মেয়াদ শেষ হওয়ার পর বৃহস্পতিবার তিনি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেয়।