২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বড়াল নদী বাঁচাতে মানববন্ধনে হামলা, আহত ১০

রাজশাহীর চারঘাটে বড়াল নদী রক্ষা ও স্লুইস গেইট অপসারণের দাবিতে আয়োজিত মানববন্ধনে দখলদাররা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2013, 12:50 PM

Updated : 25 Apr 2022, 06:28 PM

সকালে চারঘাট স্লুইস গেইট এলাকায় এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয় বলে জানায় পুলিশ।

বড়াল নদী রক্ষা আন্দোলন কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম সাংবাদিকদের জানান, সকাল সাড়ে ১১টায় এলাকাবাসী ও স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে মানববন্ধন শুরু হলে হঠাৎ করেই নদী ও চরের দখলদাররা লাঠি মিছিল নিয়ে সেখানে চলে আসে।

এ সময় উভয়পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে মানববন্ধনকারীরা স্লুইস গেইটের উপর থেকে সরে আসে। একপর্যায়ে দখলদাররা তাদের উপর হামলা চালায়। এতে তিনিসহ অন্তত ১০ জন আহত হন বলে অভিযোগ করেন সাইফুল।

তিনি জানান, মানববন্ধনে স্থানীয় সাংসদ শাহরিয়ার আলমের অংশ নেয়ার কথা ছিল। কিন্তু হামলার খবর পেয়ে তিনি রাস্তা থেকে ফিরে যান।

চারঘাট থানার ওসি আব্দুর রাজ্জাক খান বলেন, যারা বড়াল নদী ও চর দখল করে মাছ চাষ ও আবাদ করে আসছে তারা এ হামলা চালিয়েছে।

কোন কিছু বুঝে উঠার আগেই তারা মিছিল নিয়ে স্লুইট গেটের উপর চলে আসে। প্রথমে মানববন্ধনে দখলদাররা হামলা চালায়, পরে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ায় ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হন।

এ সময় উভয়পক্ষই রাজশাহী-ঈশ্বরদী সড়কে গাছের গুড়ি ফেলে প্রায় দুঘণ্টা অবরোধ করে রাখে। এতে উভয়পাশে যানজটের সৃষ্টি হয়। 

পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান ওসি।

আন্দোলনকারীরা জানান, রাজশাহীর চারঘাট থেকে পাবনা পর্যন্ত পদ্মার শাখা বড়াল নদী দখলদারদারদের কারণেই দিন দিন ক্ষীণকায় হয়ে যাচ্ছে।

মনু নদীর তীরে মানববন্ধন

এদিকে নদী রক্ষায় মৌলভীবাজার উপজেলা সদরের বড়হাট এলাকায় বৃহস্পতিবার দুপুরে মনু নদীর তীরে মানববন্ধন করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা।

আন্তর্জাতিক নদী দিবস উপলক্ষে মনু-কুশিয়ারা-ধলাইসহ মৌলভীবাজারের সকল নদী রক্ষার দাবিতে দুপুর ১২টা থেকে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন পালিত হয়।

মানববন্ধন শেষে বক্তব্য রাখেন বাপার জাতীয় পরিষদ সদস্য ও জেলা কমিটির সমন্বয়ক আ স ম সালেহ সোহেল, সম্মিলিত সাংস্কৃতিক জোট সভাপতি আব্দুল মতিন, জেলা নাট্য পরিষদের সাধারণ সম্পাদক যাদব গুপ্ত প্রমুখ।

বক্তারা মনু নদী দ্রুত খননের দাবি জানান।