সাবেক মন্ত্রী মজিদ উল হকের স্ত্রী মারা গেছেন
দীর্ঘ দিন অসুস্থতায় ভোগার পর সাবেক মন্ত্রী মজিদ উল হকের স্ত্রী মমতাজ জাহান জেবুন্নেসা মজিদ মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৯ বছর।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে তিনি মারা যান বলে জানান তার বড় ছেলে ইশতিয়াক মজিদ।
মেয়ে ডা. সিমিন আক্তার বলেন, “কয়েক মাস ধরে মার ফুসফুস ঠিকমতো কাজ করছিল না। বুধবার থেকে তার কিডনিও অচল হয়ে পড়ে। ফুসফুস ও হৃদযন্ত্র কৃত্রিমভাবে সচল রাখা হয়েছিল।”
ইশতিয়াক মজিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার বনানী ডিওএইচএস মসজিদে বাদ আছর জেবুন্নেসা মজিদের জানাজা অনুষ্ঠিত হবে।
শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় এই শিক্ষকের মৃত্যুর খবরে সকাল থেকেই তার বনানী ডিওএইচএসের বাসায় গিয়ে শোক প্রকাশ করেন তার ছাত্র-ছাত্রী, আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধবরা।
মৃত্যুর সময় জেবুন্নেসা মজিদ স্বামী মজিদ উল হক, দুই পুত্র ও এক কন্যা রেখে গেছেন।
অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মজিদ উল হক ১৯৭০ ও ১৯৯০ এর দশকে কৃষি, সংস্থাপন ও পানি সম্পদমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
