মাদকাসক্ত ‘পুত্রের’ হাতে পিতা খুন
নাটোরের লালপুর উপজেলায় বুধবার মাদকাসক্ত ছেলের শাবলের কোপে বাবা নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
শোব গ্রামে এ হামলায় নিহত হন ঘুঘুর আলী কবিরাজ (৬০)।
ঘটনার পর থেকে কথিত হত্যাকারী মুনছুর আলী (৩০) পলাতক রয়েছেন।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে লালপুর থানার ওসি মতিয়ার রহমান বলেন, সকালে ঘুঘুর আলী জমির নিয়ে বেগুন আব্দুলপুর বাজারে যাওয়ার জন্য বের হচ্ছিলেন।
এ সময় মুনছুর আলী আকস্মিকভাবে একটি শাবল দিয়ে আঘাত করে। সাবলটি বাম চোয়ালের এক পাশে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
লাশ ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। আসামি মুনছুরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে, বলেন ওসি।
নিহতের বড়ছেলে আনছার আলী (৪৫) বলেন, তার ভাই মুনছুর মাদক সেবনের ফলে মানসিক অসুস্থ ছিল। এজন্য তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।
মুনছুর আগেও তার বাবাকে কুপিয়ে জখম করেছিল বলে তিনি জানান।
তিনি বলেন, ওই সময় তিনি বাড়িতে ছিলেন না। পরে এসে পরিবারের সদস্যদের কাছে শুনেছেন।
