২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ঢাকা, চট্টগ্রামে ৯ হাজার সিএনজি অটোরিকশা নামছে’

ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর রাস্তায় নতুন ৯ হাজার সিএনজি চালিত অটোরিকশা নামছে বলে জানিয়েছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2013, 12:16 PM

Updated : 23 Aug 2022, 10:22 AM

বুধবার যোগাযোগ মন্ত্রণালয়ে পরিবহন খাতের বিভিন্ন সমস্যা নিয়ে এক সভা শেষে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, দেড় মাসের মধ্যে ঢাকায় নতুন ৫ হাজার সিএনজি চালিত অটোরিকশা নামানো হচ্ছে। এ বিষয়ে আদালতে মামলার সুরাহা হওয়ায় এ প্রক্রিয়া শুরু হয়েছে।

এছাড়া চট্রগ্রামে নতুন ৪ হাজার সিএনজি চালিত অটোরিকশা নামানোর প্রশাসনিক সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান ওবায়দুল কাদের।

এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন যে, নতুন এসব অটোরিকশা নিয়ে ঢাকায় সিএনজি চালিত অটোরিকশার সংখ্যা দাঁড়াবে ২০ হাজার ৬৯৬টি এবং চট্রগ্রামে ১৭ হাজার।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

আগামী এক মাসের মধ্যে ২ হাজার ৬৯৬টি সিএনজি চালিত অটোরিকশা প্রতিস্থাপন করা হবে বলেও জানান মন্ত্রী।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)এর চেয়ারম্যান আইয়ুবুর রহমান খান জানান, যেসব মিশুক ও সিএনজি চালিত অটোরিকশার লাইফ টাইম শেষ হয়ে গেছে সেগুলোকে প্রতিস্থাপন করা হবে।  

ট্যাক্সি ক্যাব আমদানি

সর্বনিম্ন এক হাজার ট্যাক্সি ক্যাব আমদানির নিয়মের পরিবর্তে এখন থেকে সর্বনিম্ন ২০০ ট্যাক্সি ক্যাব আমদানি করা যাবে বলে সিদ্ধান্ত নিয়েছে যোগাযোগ মন্ত্রণালয়।

এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, সর্বনিম্ন এক হাজার ট্যাক্সি ক্যাব আমদানির  নিয়ম থাকায় কোন প্রতিষ্ঠানই ট্যাক্সিক্যাব আমদানিতে আগ্রহ প্রকাশ করছে না, তাই এ সংখ্যা কমিয়ে ২০০ করা হয়েছে।

অবশ্য ট্যাক্সি ক্যাব গাইড লাইন ২০১০ এর অন্যান্য বিধি-বিধান অপরিবর্তিত থাকবে বলে জানান তিনি।

যাত্রী হয়রানি বন্ধে মোবাইল কোর্ট

অটোরিকশা যাত্রীরা অতিরিক্ত ভাড়া আদায়সহ নানা ভোগান্তিতে পড়ছে উল্লেখ করে যোগাযোগ মন্ত্রী বলেন, তাদের হয়রানি বন্ধে অবিলম্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

এছাড়া মিরপুর যানবাহন পরিদর্শন কেন্দ্রকে আধুনিক ডিজিটাল পরিদর্শন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে বলেও জানান তিনি। আগামী ১৮ মার্চ এ ব্যাপারে কোরিয়ার একটি কোম্পানির সঙ্গে চুক্তি সই হবে।