২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদে কানাডীয় প্রতিনিধি দল

বিরোধী দলকে সংসদে এসে কার্যকরী ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন স্পিকার আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2013, 02:06 PM

Updated : 23 Aug 2022, 10:22 AM

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সফররত কানাডার সংসদীয় প্রতিনিধি দলের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

মঙ্গলবার সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে কানাডার সিনেটর ন্যান্সি রুথ, সিনেটর মবিনা এস. বি. জাফেরসহ একটি প্রতিনিধি দল দেখা করতে আসেন।

এ সময় তারা দেশে চলমান রাজনৈতিক অবস্থা সম্পর্কে স্পিকারের মতামত ও অবস্থান জানতে চান।

স্পিকার বলেন, “আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। তাই সংসদ হচ্ছে আমাদের সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। সুতরাং বিরোধী দল সংসদের বাইরে না থেকে সংসদে এসে তাদের মতামত প্রকাশ করলে গণতন্ত্র বিকশিত হবে এবং জনগণ উপকৃত হবে।”

ব্রিটেনের গণতন্ত্র চর্চার উদাহরন দিয়ে স্পিকার জানান, সংখ্যানুপাতের ভিত্তিতে নয়, বিরোধী দল হিসেবে সংসদে এসে বিরোধী দলকে তাদের কার্যকরী ভূমিকা পালন করতে হবে।