ত্বকির খুনিকে গ্রেপ্তারের দাবি সাংবাদিকদের
নারায়ণগঞ্জ গণজাগরণ মঞ্চের উদ্যোক্তা ও সাংস্কৃতিক সংগঠক রফিউর রাব্বির ছেলে তানভীর মোহাম্মদ ত্বকির হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে প্রতীকী অনশন করেছেন সাংবাদিকরা।
মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সামনে এ কর্মসূচি পালন করেন তারা।
তাদের ব্যানারে লেখা ছিল- ত্বকি তোমার মৃত্যু আমাদেরকে অপরাধী করে।
কর্মসূচিতে বক্তব্য দেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হালিম আজাদ, কার্যকরী কমিটির সদস্য রুমন রেজা, নাফিজ আশরাফ প্রমুখ।
কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন জেলা সিপিবি সভাপতি হাফিজুল ইসলাম, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিক, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, জেলা বাসদের সমন্বয়ক নিখিল দাস প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ত্বকি হত্যাকাণ্ডের ছয়দিন পার হলেও খুনিকে শনাক্ত বা গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।
পরে তারা জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দেন।
নিখোঁজ হওয়ার দুদিন পর শুক্রবার সকালে শহরের চারারগোপ এলাকায় শীতলক্ষ্যা নদী সংলগ্ন খালে ত্বকির পাওয়া যায়।
এ ঘটনায় শুক্রবার রাতে রফিউর রাব্বি বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেন।
ত্বকি শহরের চাষাঢ়া এবিবি ইন্টারন্যাশনাল স্কুল থেকে এ বছর এ লেভেল পরীক্ষা দেয়। পরীক্ষায় দেশের সর্ব্বোচ্চ নম্বর পেয়ে উত্তীর্ণ হয় সে।
