সিদ্ধিরগঞ্জে যুবলীগ-শ্রমিকদল সংঘর্ষ
নারায়ণগঞ্জ সদরে হরতাল চলাকালে যুবলীগ ও শ্রমিকদলের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার সকালে সিদ্ধিরগঞ্জের গোদনাইলে মেঘনা ডিপো এলাকায় এ সংঘর্ষ হয়।
আহতরা বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মেঘনা ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও সরবরাহ বন্ধ রাখতে বলেন সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিকদলের নেতাকর্মীরা।
কিন্তু ৬নং ওয়ার্ড যুবলীগের নেতাকর্মীরা ট্যাঙ্কলরিতে তেল লোড করতে চাপ দেন।
ওই সময় শ্রমিক দলের নেতাকর্মীরা ওখানে গিয়ে হরতাল সমর্থনে মিছিল শুরু করলে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।
খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দল সভাপতি আসলাম বলেন, হরতাল সমর্থনে মিছিল বের করলে যুবলীগের ক্যাডাররা তাদের উপর হামলা চালায়।
এ সময় যুবলীগকর্মীরা ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে ভাংচুর চালিয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
তবে অভিযোগ অস্বীকার করে সিদ্ধিরগঞ্জ থানার যুবলীগ সভাপতি মতিউর রহমান মতি বলেন, হরতাল বিরোধী মিছিল বের করলে ৬নং ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল মন্ডলের আত্মীয় সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক সভাপতি আসলামের নেতৃত্বে তাদের উপর হামলা চালানো হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন বলেন, ঘটনাস্থলের পুলিশ মোতায়েন করা হয়েছে।
কাউন্সিলরের অফিস ভাংচুরের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও তিনি জানান।
