মোবারকের জামিন বাতিল, অভিযোগ গঠন ৪ এপ্রিল
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় ব্রাক্ষণবাড়িয়ার মোবারক হোসেনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল।
বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ মঙ্গলবার এই আদেশ দেয়।
মোবারকের পক্ষে জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করা হলেও বিচারক তা খারিজ করে দেন।
ব্রাহ্মণবাড়িয়ার ইউনিয়ন আওয়ামী লীগের এই সাবেক নেতার বিরুদ্ধে একাত্তরে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ এনেছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন।
এর মধ্যে ৩৩ জনকে গণহত্যা, তিনজনকে হত্যা এবং দুজনকে অপহরণ করে নির্যাতনের অভিযোগও রয়েছে।
গত ২৫ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়।
প্রসিকিউশনের তদন্ত সংস্থা বলছে, আখাউড়ার নয়াদিল গ্রামের মোবারক একাত্তরে স্থানীয় রাজাকার বাহিনীর কমান্ডার ছিলেন।ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের তৈরি রাজাকারের তালিকায়ও তার নাম রয়েছে।
একাত্তর-পরবর্তী সময়ে জামায়াতের রাজনীতি করলেও পরে তিনি স্থানীয় আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দেন এবং এক পর্যায়ে আখাউড়ার মোগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হন। দুই বছর আগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।
একাত্তরে একটি হত্যাকাণ্ডের অভিযোগে ২০০৯ সালের ৩ মে ব্রাহ্মণবাড়িয়ার ম্যাজিস্ট্রেট আদালতে মোবারকের বিরুদ্ধে একটি মামলা হয়।
তখন হাই কোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন নেন তিনি। পরে উচ্চ আদালতের নির্দেশে ২০১১ সালের ১৯ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ার ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানো হয়।
এরপর তার মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো হয়।
গত বছর ১৫ জুলাই মোবারক হোসেনকে দুই মাসের জামিন দেয় ট্রাইব্যুনাল।এরপর কয়েক দফায় তার জামিনের মেয়াদ বাড়ানো হয়। সর্বশেষ গত ২৫ ফেব্রুয়ারি পঞ্চম দফায় ১১ মার্চ পর্যন্ত তাকে জামিন দেয় ট্রাইব্যুনাল।
গত বছরের ১৬ জুলাই থেকে গত ২২ জানুয়ারি পর্যন্ত তার বিরুদ্ধে তদন্ত চালায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
