রাজশাহীতে পুলিশের গাড়িতে হাতবোমা নিক্ষেপ
রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর এলাকায় পুলিশের গাড়ি লক্ষ করে দুইটি হাতবোমা ছুড়েছে ইসলামী ছাত্র শিবিরকর্মীরা।
মতিহার থানার ওসি আব্দুস সোবহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা পৌনে ১২টার দিকে নগরীর বিনোদপুর এলাকায় ১০/১২ জন শিবিরকর্মী গলির ভেতর থেকে এসে পুলিশের একটি গাড়ি লক্ষ করে দু'টি হাতবোমা ছুড়ে এবং দলীয় স্লোগান দিয়ে পালিয়ে যায়।
এতে মাহবুবুল আলম নামের এক পুলিশ কনস্টেবল আহত হয়েছে বলে তিনি জানান।
গলির ভেতর থেকে বোমা ছোড়ার সঙ্গে জড়িত সন্দেহে তিন শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ।
নগরীর বোয়ালিয়া জোনের সহকারি পুলিশ কমিশনার (এসি) রোকনউজ্জামান জানান, রাজশাহীতে হরতালে জনজীবন স্বাভাবিক রয়েছে ।
তবে সকাল ৯টার দিকে কাদিরগঞ্জ এলাকায় ও সাড়ে ১০টার দিকে ডিঙ্গাডোবা এলাকায় সিটি বাইপাস সড়কে কাঠ ফেলে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে যুবদলকর্মীরা।
খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছার আগেই তারা পালিয়ে যায়।
এ সময় কাগিরগঞ্জ এলাকায় যুবদলকর্মীরা একটি অটোরিকশা ভাংচুর করে বলে তিনি জানান।
বিএনপির কেন্দ্রীয় সদস্য মোসাদ্দেক হোসেন বুলবুল অভিযোগ করেন, বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনুসহ দলের কয়েকজন নেতা সকালে মালোপাড়াস্থ দলীয় কার্যালয়ে যান। কিন্তু দুপুর ১২টা পর্যন্ত পুলিশ কার্যালয় থেকে কাউকে বের হতে দেয়নি।
এদিকে হরতালের সমর্থনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।
নগরীতে হালকা যানবাহন চললেও সড়কে নামেনি ভারি যানবাহন।
রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মনির-উজ-জামান জানান, হরতালে যেকোন নাশকতা এড়াতে পুলিশ ও র্যাবের পাশাপাশি একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবির টহল রয়েছে।
