২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির অবস্থার ‘সামান্য উন্নতি’

সিঙ্গাপুরে চিকিৎসাধীন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তার ছেলে সংসদ সদস্য নাজমুল হাসান।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2013, 05:43 AM

Updated : 23 Aug 2022, 10:22 AM

চিকিৎসা প্রতিবেদন পাওয়ার পর বুধবার অবস্থা বোঝা যাবে বলে মঙ্গলবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান তিনি।

নাজমুল বলেন, চিকিৎসকরা কিছুটা উন্নতির কথা বললেও তার ফুসফুসে সংক্রমণের কারণটি কী, তা এখনো ধরতে পারেনি।

এর আগে দুপুরে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কিছুক্ষণ আগে চিকিৎসকরা উনাকে (জিল্লুর রহমান) দেখেছেন। তার অবস্থার খুব সামান্য উন্নতি হয়েছে বলে তারা জানিয়েছেন।”

সোমবার নাজমুল জানিয়েছিলেন, ফুসফুসের জটিলতায় আক্রান্ত রাষ্ট্রপতির অবস্থা খুবই ‘ক্রিটিক্যাল’।

শ্বাসকষ্টের কারণে গত শনিবার রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয় জিল্লুর রহমানকে। উন্নত চিকিৎসার জন্য রোববার রাতে তাকে এয়ার অ্যামবুলেন্সে করে নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুরে।

সোমবার সকালে সিঙ্গাপুরে পৌঁছানোর পরপরই মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করে রাষ্ট্রপতির স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা শুরু হয় বলে জানান তার ছেলে নাজমুল হাসান। রাষ্ট্রপতিকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। 

রাষ্ট্রপতির রোগমুক্তি কামনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব ধর্মীয় উপাসানালয়ে দোয়া ও প্রার্থনার আহ্বান জানিয়েছেন।

জিল্লুর রহমান ২০০৯ সালে দেশের ১৯তম রাষ্ট্রপতির দায়িত্ব নেন। গত ৯ মার্চ ছিল তার ৮৫তম জন্মদিন।

দায়িত্ব পালনের মধ্যে অসুস্থতার জন্য বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হন তিনি। গত ডিসেম্বর মাসেও যুক্তরাজ্যে তার স্বাস্থ্য পরীক্ষা হয়।

পুরনো খবর:

রাষ্ট্রপতির জন্য দোয়া চেয়েছেন প্রধানমন্ত্রী