সিরাজগঞ্জে সংঘর্ষে পুলিশসহ আহত ১১
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের হরতালের শুরুতে সিরাজগঞ্জে হরতালকারীদের সঙ্গে সংঘর্ষে এক পুলিশ কনস্টেবলসহ অন্তত ১১ জন আহত হয়েছেন।
মঙ্গলবার সকালে জেলা শহরের নিউ ঢাকা রোডের চামড়াপট্টি, রেলগেট ও বাজার স্টেশন এলাকায় এ সংঘর্ষ হয়।
সদর থানার ওসি রফিকুল ইসলাম খান জানান, সকাল ৮টার দিকে বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীরা বিভিন্ন গলি থেকে বের হয়ে পুলিশকে লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
এ সময় এক পুলিশ কনস্টেবলের চোখে ঢিলের আঘাত লাগে। তাকে প্রথমে স্থানীয় একটি চক্ষু হাসপাতালে ভর্তি করা হলেও পরে ঢাকায় পাঠানো হয় বলে জানান ওসি।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক মির্জা আব্দুল জব্বার বাবু বলেন, সংঘর্ষে তাদের অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন। তবে কেউ গুরুতর আহত নন। সবাইকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
হরতালে নাশকতা এড়াতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবি, র্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে।
