রাষ্ট্রপতির অবস্থার উন্নতি নেই
সিঙ্গাপুরে চিকিৎসাধীন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে।
বাংলাদেশ সময় সোমবার রাত ৯টায় তার ছেলে সংসদ সদস্য নাজমুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বেশ বয়স হওয়ায় সিভিয়ার কন্ডিশনে উনার ফুসফসের ট্রিটমেন্ট করতে হচ্ছে।”
রাষ্ট্রপতির রোগমুক্তি কামনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব ধর্মীয় উপাসানালয়ে দোয়া ও প্রার্থনার আহ্বান জানিয়েছেন।
রাষ্ট্রপতির শারিরীক অবস্থার বর্ণনা দিতে গিয়ে ছেলে বলেন, “সিচুয়েশনটা কন্ট্রোলে আনতে ইতোমধ্যে চিকিৎসা শুরু হয়েছে। ইটস ভেরি সিরিয়াস, ক্রিটিক্যাল।”
সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে নাজমুল হাসান জানিয়েছিলেন, মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসকরা ৪/৫ ঘণ্টা পর জিল্লুর রহমানের পরিস্থিতি সম্পর্কে জানাতে পারবেন ।
“উনি ফুসফুসের জটিলতায় ভুগছেন, বয়সও হয়েছে। ঢাকায় যেমন ছিলেন, অবস্থার খুব একটা পরিবর্তন হয়নি।”
সরকারের এক তথ্য বিবররণীতে বলা হয়, সোমবার ভোর ৫টার দিকে রাষ্ট্রপতিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
সিঙ্গাপুরে বাংলাদেশের হাই কমিশনার মাহবুব-উজ-জামান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় সেখানে উপস্থিত ছিলেন।
সিঙ্গাপুরে পৌঁছানোর পরপরই মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করে রাষ্ট্রপতির স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা শুরু হয় বলে জানান তার ছেলে নাজমুল হাসান।
জিল্লুর রহমান ২০০৯ সালে দেশের ১৯তম রাষ্ট্রপতির দায়িত্ব নেন। গত ৯ মার্চ ছিল তার ৮৫তম জন্মদিন।
দায়িত্ব পালনের মধ্যে অসুস্থতার জন্য বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হন তিনি। গত ডিসেম্বর মাসেও যুক্তরাজ্যে তার স্বাস্থ্য পরীক্ষা হয়।
