খাগড়াছড়িতে শিক্ষিকা হত্যা মামলার আসামি গ্রেপ্তার
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় শিক্ষিকা হত্যা মামলায় এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত ক্রাইওরি মারমা (২৬) হারুন হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন।
ক্রাইওরির স্বামী লাব্রেচাই মারমা ও সেতুকে আসামী করে রোববার মাটিরাঙ্গা থানায় একটি হত্যা মামলা হয়েছে বলে জানান ওসি আবু ইউসুফ মিয়া।
তিনি বলেন, “মামলার বাদি ক্রাইওরীর ভাই সাথোয়াইঅং মারমা। ঘটনার পর থেকেই ইউএনডিপির গাড়িচালক লাব্রেচাই মারমা পলাতক।”
সাথোয়াইঅং মারমা জানান, পরিবারিক কলহের জের ধরে গত শুক্রবার সকালে ক্রাইওরিকে প্রচণ্ড মারধর করে তার স্বামী। গুরুতর আহত অবস্থায় তাকে মাটিরাঙ্গা হাসপাতালে নেয়া হয়।
“অবস্থার অবনতি হওয়ায় চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া পর চিকিৎসাধীন অবস্থায় বিকালে ক্রাইওরী মরা যায়।”
সেতুর সঙ্গে লাব্রেচাইয়ের বিবাহবর্হিভূত সম্পর্ক ছিল বলে দাবি করেন সাথোয়াইঅং।
