নোয়াখালীতে র্যাবের বিরুদ্ধে হত্যা মামলা
নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় গত ১ মার্চ আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষ চলাকালে নিহত কুরবান আলীর বাবা র্যাবের বিরুদ্ধে আদালতে হত্যা মামলা করেছেন।
রোববার জেলার বিচারিক হাকিমের তিন নম্বর আমলি আদালতে দায়ের করা নালিশি মামলায় র্যাব-১১ এর ডিএডি মো. জসিম উদ্দিন এবং চট্টগ্রাম বিভাগের ডিআইজিসহ মোট ১০ জনকে আসামি করা হয়েছে।
আদালতের বিচারক মো. রায়হানুল ইসলাম মামলাটি আমলে নিয়ে আগামী ১৫ মে’র মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য সোনাইমুড়ি থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
বাদির আইনজীবী কাজী কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোনাইমুড়ি উপজেলার মুটুবি গ্রামের লোকমান হোসেন ও তার (বাদির) ছেলে কুরবান আলী গত ১ মার্চ শুক্রবার জুমার নামায শেষে বাড়ি ফেরার সময় পথে র্যাবের একটি গাড়ি থেকে তাদেরকে লক্ষ্য করে গুলি করে। এতে আহত কুরবান আলী চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মামলায় অভিযোগ করা হয়, কুরবান আলীকে সম্পূর্ণ বিনা অপরাধে বেআইনিভাবে হত্যা করা হয়েছে। প্রকৃত ঘটনা আড়াল করার জন্য গত ২মার্চ র্যাবের ডিএডি বাদি হয়ে সোনাইমুড়ি থানায় পাচশ’ থেকে ছয়শ’ গ্রামবাসীকে আসামি করে মামলা দায়ের করেন।
মানবতাবিরোধী অপরাধ ট্রাইবুনালে দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর ১ মার্চ জামায়াত-শিবির কর্মীরা সোনাইমুড়ি-বেগমগঞ্জ দিনভর সড়ক অবরোধ করে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এক পর্যায়ে র্যাবে সঙ্গেও অবরোধকারীদের সংঘর্ষ হয়। এ সময় র্যাব গুলি চালায়।
ঘটনাস্থল থেকে র্যাব মুটুবি গ্রামের লোকমান হোসেন ছেলে কুরবান আলীকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়।
নিহত কুরবান আলী পেশায় একজন ইলেকট্রিশিয়ান। তিনি কোনো দলের সঙ্গে জড়িত নন বলে তার বাবা দাবি করেন।
