সন্দেহজনক লেনদেন বাড়ছে
দেশের ব্যাংক ও ব্যাংক বহির্ভূত আর্থিক খাতে সন্দেহজনক লেনদেনের ঘটনা বেড়েছে।
গত ২০১১-১২ অর্থবছরে ব্যাংক খাতে ১০৩টি সন্দেহজনক লেনদেনের ঘটনা ঘটেছে, আগের অর্থবছরে এ সংখ্যা ছিল ৩২টি।
বাংলাদেশ ব্যাংকের ২০১১-১২ অর্থবছরের বার্ষিক প্রতিবেদনে এতথ্য প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, এসময়ে সন্দেহজনক লেনদেনের তথ্য গোপন করায় একটি ব্যাংককে জরিমানা করা হয়েছে। এছাড়া মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও সন্ত্রাস প্রতিরোধ আইনবিষয়ক বিধি-বিধান যথাযথভাবে মেনে না চলায় ২২টি ব্যাংককে জরিমানা করেছে কেন্দ্রীয় ব্যাংক।
সন্দেহজনক লেনদেনের ঘটনা বৃদ্ধির কারণ হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) দায়িত্বপ্রাপ্ত নির্বাহী পরিচালক ম. মাহফুজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সম্প্রতি ব্যাংকের পাশাপাশি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান, বীমা ও এনজিও খাতের লেনদেনের ওপর নজরদারি বাড়ানো হয়েছে।”
এদিকে চলতি ২০১২-১৩ অর্থবছরের প্রথম ছয় মাসেই বাংলাদেশ ব্যাংকের কাছে প্রায় ২০০টি সন্দেহজনক লেনদেনের তথ্য এসেছে বলে জানিয়েছেন বিএফআইইউ কর্মকর্তারা।
তবে গ্রাহকদের দেওয়া তথ্যে গরমিল থাকায় এসব লেনদেনের সঙ্গে সম্পৃক্তদের শাস্তির আওতায় আনা যাচ্ছে না।
বিএফআইইউর কর্মকর্তারা বলছেন, সন্দেহজনক লেনদেনের তথ্য পেলেও অভিযুক্তদের আইনের আওতায় আনা সম্ভব হচ্ছে না। এর অন্যতম কারণ ‘নো ইউর কাস্টমার’ (কেওয়াইসি) ফরমের তথ্যে গরমিল থাকা।
গ্রাহকদের ভোটার আইডি কার্ডেও অনেক তথ্যে ভুল থাকে। যে কারণে কোনো গ্রাহক উদ্দেশ্যপ্রণোদিতভাবেও ভুল তথ্য দিলে তা নিশ্চিত হওয়া অনেক সময় সম্ভব হয় না বলে কর্মকর্তারা জানান।
তারা বলছেন, এসব সন্দেহজনক অধিকাংশ লেনদেনই বিদেশে অর্থপাচার সংক্রান্ত। এছাড়াও রয়েছে সন্ত্রাসে অর্থায়ন ও ঘুষ লেনদেন বিষয়ক লেনদেন ।
