২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হতে হবে: প্রধানমন্ত্রী

মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2013, 05:50 PM

Updated : 23 Aug 2022, 10:21 AM

একাত্তরের যুদ্ধাপরাধের বিচারকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে জামায়াতে ইসলামীর তাণ্ডবের মধ্যে রোববার এক আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান।

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে ওই সভায় আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ১৯৭১ সালের ৭ মার্চ বাঙালি জাতির জীবনের একটি অবিস্মরণীয় দিন। ওই দিন বঙ্গবন্ধু জাতির ইতিহাস গঠনে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। ওই ভাষণের চেতনা কখনো শেষ হবে না।

“জাতির জনকের ঐতিহাসিক ভাষণের লক্ষ্য অর্জনে মুক্তিযুদ্ধের আদর্শের ভিত্তিতে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।”

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট আয়োজিত ওই সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন।

অধ্যাপক মুনতাসির মামুন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জরিনা রহমান খান আলোচনায় অংশ নেন এবং মেমোরিয়াল ট্রাস্টের মহাসচিব শেখ হাফিজুর রহমান স্বাগত বক্তব্য রাখেন।

শেখ হাসিনা বলেন, “এটা দুর্ভাগ্যজনক যে স্বাধীনতাবিরোধী শক্তি আমাদের স্বাধীনতাকে বার বার বাধাগ্রস্ত করায় জাতি হিসেবে আমরা এখনো পুরোপুরি স্বাধীন হতে ও দেশের উন্নতি করতে পারিনি।”

মুক্তিযুদ্ধের চেতনায় তরুণ সমাজের এগিয়ে আসার প্রশংসাও করেন তিনি।

হাবের সঙ্গে মতবিনিময়

প্রধানমন্ত্রী বলেছেন, বর্তমান সরকার হজযাত্রীদের প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধা নিশ্চিত করে হজ ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে এনেছে।

রোববার হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) নবনির্বাচিত কমিটির এক প্রতিনিধি দলের বৈঠকে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠকের বিস্তারিত সাংবাদিকদের জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ।

হাব সভাপতি ইব্রাহিম বাহার ১৬ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

শেখ হাসিনা হজ যাত্রীদের কল্যাণ নিশ্চিতকরাসহ দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে ধর্ম মন্ত্রণালয়ের কাজে সহযোহিতা করতে হাব নেতাদের প্রতি আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, কোনো কোনো হজযাত্রী হজ পালনের পর সৌদি আরবে থেকে যায়, যা দেশের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করে।

হজ শেষে সবাই যেন দেশে ফিরে আসেন, তা নিশ্চিত করতে হাব নেতাদের সক্রিয় থাকতে বলেন তিনি।

হাব নেতাদের বিভিন্ন সমস্যার কথা শুনে তা সমাধানের আশ্বাস দেন প্রধানমন্ত্রী।