কুড়িগ্রামে সন্ত্রাস প্রতিরোধে কমিটি গঠন
জামায়াত-শিবিরের তাণ্ডব প্রতিরোধে দেশের অন্যান্য জেলার মতো কুড়িগ্রামেও শান্তিশৃঙ্খলা কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
রোববার কালেক্টরেট সম্মেলন কক্ষে এক জরুরি আলোচনা সভায় গঠিত এ কমিটিতে জেলা প্রশাসক হাবিবুর রহমানকে আহ্বায়ক করা হয়।
কমিটির উপদেষ্টা করা হয় সদর আসনের সাংসদ মো. জাফর আলীকে।
সভায় নয় উপজেলা পরিষদ চেয়ারম্যান, ইউএনও, মুক্তিযোদ্ধা কমান্ডার, জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মানবতাবিরোধী অপরাধে গত ২৮ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী’র ফাঁসির রায়ের পর সারাদেশে ব্যাপক সহিংসতা চালায় দলটির নেতাকর্মীরা।
এ সময় দেশের বিভিন্ন স্থানে গণজাগরণ মঞ্চে হামলা, হিন্দুদের বাড়ি-ঘর-মন্দিরে আগুন, শহীদ মিনার ভাংচুর ও সরকারি স্থাপনায় আগুন দেয়া হয়।
সড়কের পাশের গাছ কেটে যান চলাচলে প্রতিবদ্ধকতা সৃষ্টি, রেললাইন উপড়ে ফেলা ও ট্রেনে আগুন দেয়ার মত ঘটনাও ঘটে।
সহিংসতায় পুলিশ, আওয়ামী লীগকর্মী, সাধারণ মানুষসহ অর্ধশতাধিক নিহত হন।
এর প্রেক্ষিতে গত বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযদ্ধের চেতনায় বিশ্বাসীদের জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ডে সন্ত্রাস প্রতিরোধ কমিটি গড়ে তোলার আহ্বান জানান।
