২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ত্বকি হত্যা: রাজপথে সহপাঠীরা

নারায়ণগঞ্জ গণজাগরণ মঞ্চের উদ্যোক্তা রফিউর রাব্বির ছেলে তানভীর মোহাম্মদ ত্বকির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে তার সহপাঠীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2013, 09:31 AM

Updated : 23 Aug 2022, 10:21 AM

সোমবার সকালে শহরের প্রেস ক্লাব থেকে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত এই মানববন্ধনে এবিসি ইন্টারন্যাশনাল স্কুল, মাউন্ড রয়েল একাডেমি এবং ভলান্টিয়ার ফর বাংলাদেশ অংশ নেয়।

নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট, উদীচী শিল্পীগোষ্ঠীসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা এতে সংহতি প্রকাশ করেছেন।

মানববন্ধনে অংশ নেয়া শিক্ষার্থীদের কেউ কেউ মুখে কালো কাপড় বেঁধে রেখেছিল।

দুদিন নিখোঁজ থাকার পর শুক্রবার সকালে শীতলক্ষ্যা নদী থেকে এবিসি ইন্টারন্যাশনাল স্কুল থেকে ‘এ’ লেভেল পরীক্ষায় অংশ নেয়া এই মেধাবী কিশোরের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার বাবা সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি অজ্ঞাত পরিচয় আসামিদের বিরুদ্ধে মামলা করেছেন।

রফিউর রাব্বি তার ছেলের হত্যার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।

ত্বকি হতার প্রতিবাদে শনিবার শহরে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। রোববার বিকালে প্রতিবাদ-সমাবেশের ডাক দেয়া হয়েছে।

মানববন্ধনে অংশ নেয়া ত্বকির কয়েকজন সহপাঠী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানায়, ত্বকি ছিল শান্ত প্রকৃতির ছেলে। কষ্ট পেলেও কাউকে বুঝতে দিত না।সবার সঙ্গে হাসি মুখে কথা বলত।

এমন মেধাবী একজন ছেলেকে কেউ মেরে ফেলতে পারে তা ভাবতেই পারছে না তারা।

এবিসি ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ আব্দুল হাই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ত্বকি হত্যা কোনভাবেই মেনে নেয়া যায় না।

তার খুনিদের গ্রেপ্তারের দাবি জানান তিনি।

নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট সভাপতি প্রদীপ ঘোষ বলেন, ত্বকি হত্যার ঘটনার চার দিনেও খুনিদের সনাক্ত কিংবা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়ে তিনি বলেন, বিকালে চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ-সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ত্বকি হত্যার ঘটনায় পুলিশের দুটি দল কাজ করছে। ইতোমধ্যে বেশকিছু জায়গায় অভিযান চালানো হয়েছে।

বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে বলে জানান পুলিশ সুপার।