২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিজোরামে বিপুল অস্ত্রের চালান আটক

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামে ৩১টি একে-৪৭ রাইফেলসহ অস্ত্র ও গোলাবারুদের বড় একটি চালান আটক করেছে পুলিশ ও আসাম রাইফেলস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কলকাতা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2013, 05:29 AM

Updated : 23 Aug 2022, 10:21 AM

এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা সন্দেহ করছে. অস্ত্রগুলো পাশ্ববর্তী রাজ্য ত্রিপুরার বিচ্ছিন্নতাবাদী দল অথবা বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে পাঠানোর জন্য আনা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, হলেন, রবি চাকমা, সবুজ চাকমা ও মনি ত্রিপুরা। শুক্রবার স্থানীয় আদালত তাদের জিজ্ঞাসাবাদের জন্য ৭২ ঘণ্টার পুলিশের হেফাজতে পাঠায়।

রাজ্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগ এবং আসাম রাইফেলসের ২৬ ব্যাটালিয়নের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে আইজল শহরের লেংগুপি বিমানবন্দরের কাছে দুটি এলাকা থেকে ৩১টি একে-৪৭ রাইফেল, সিঙ্গাপুরে তৈরি একটি এলএমজি, যুক্তরাষ্ট্রে তৈরি একটি ব্রাউনিং রাইফেল, ৩২টি ম্যাগজিন ও বিভিন্ন অস্ত্রের ৮০৯ রাউন্ড গুলি আটক করে।

প্রথম অভিযানটি বুধবার রাতে ও আটককৃতদের জিজ্ঞাসাবাদের পর দ্বিতীয়টি বৃহস্পতিবার সকালে চালানো হয়।

মিজোরাম পুলিশের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, “সাইরাং থানায় আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র, বিদেশি নাগরিক ও ভারতীয় পাসপোর্ট আইনে মামলা করা হয়েছে।”

তিনি জানান, এসব অস্ত্র ও গোলাবারুদ মিয়ানমার থেকে মিজোরামে আনা হয়। তবে সেখান থেকে তা বাংলাদেশে পাঠানোর জন্য না-কি ত্রিপুরার বিচ্ছিন্নতাবাদী কোনো দলের জন্য আনা হয়েছিল তা পরিষ্কার হয়নি।

মিজোরামের পার্শ্ববর্তী ত্রিপুরা রাজ্য এরই মধ্যে আটকদের জিজ্ঞাসাবাদের জন্য তিন সদস্যের একটি দল পাঠিয়েছে।

ত্রিপুরা পুলিশের মহা পরিদর্শক (আইজিপি) নেপাল দাস, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমেক জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, মিয়ানমারের অস্ত্রব্যবসায়ীদের কাছ থেকে কেনা অস্ত্রগুলো ত্রিপুরার একটি বিচ্ছিন্নতাবাদী দলের জন্য আনা হয়েছিল।

তিনি জানান, গ্রেপ্তার করা তিনজনের মধ্যে দুইজন উত্তর ত্রিপুরার কাঞ্চনপুরের বাসিন্দা এবং একজনের মূল বাড়ি বাংলাদেশ। আটককৃত তিনজনই অস্ত্র চোরাচলানের কাজ করে।

তিনি বলেন, “মিয়ানমার থেকে উত্তর-পূর্ব ভারত ও বাংলাদেশে অস্ত্র পাচারের একটি বড় রুট হয়ে উঠেছে মিজোরাম।”

ত্রিপুরায় বিচ্ছিন্নতাবাদ মোটামুটি দমন করা গেলেও ন্যাশনাল ফ্রন্ট অব ত্রিপুরার (এনএলএফটি) একটি গ্রুপ এর চেয়ারম্যান বিশ্বমোহন দেববর্মার নেতৃত্বে লড়াই চালিয়ে যাচ্ছে।

তবে মিজোরামের পুলিশ কর্মকর্তারা সন্দেহ করছেন, বাংলাদেশের সশস্ত্র চাকমা গ্রুপগুলোর কাছে অস্ত্র বিক্রির চেষ্টা করছিল।

তারা সন্দেহ করছেন, আটককৃতরা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) বিলূপ্ত সামরিক শাখা শান্তিবাহিনীর সদস্য।

১৯৯৭ সালে জনসংহতি সমিতির সঙ্গে বাংলাদেশে সরকারের শান্তিচুক্তির পর শান্তিবাহিনীর সদস্যরা বাংলাদেশে ফিরে গেলেও তারা ভারতে রয়ে গিয়েছিলেন।

শান্তি চুক্তির পর পার্বত্য চট্টগ্রামে পিসিজেএসএস এর কয়েকটি অংশের সঙ্গে প্রসিত বিকাশ খীসা নেতৃত্বাধীন ইউপিডিএফ এর বিরোধ চলছে।

ভারতের ত্রিপুরা, মিজোরাম, মেঘালয় ও আসামের সঙ্গে বাংলাদেশের ১৮৮০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। আর ভারতের মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর ও অরুণাচল প্রদেশের সঙ্গে মিয়ানমারের ১৬৪০ কিলোমিটার সীমান্ত রয়েছে।

বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী সংগঠন ও চোরাকারবারিরা অস্ত্র ও মাদক পাচারের জন্য এসব দুর্গম সীমান্ত ব্যবহার করে বলে অভিযোগ রয়েছে।