‘দুনিয়া উল্টে গেলেও তত্ত্বাবধায়ক ফিরবে না’
জানায়ারি মাসের মধ্যে অন্তবর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন হবে জানিয়ে আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম বলেছেন, কোনোভাবেই তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে না।
মিরপুর পল্লবী বাসস্ট্যান্ডে শনিবার বিকালে ১৪ দলের প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নাসিম বলেন, “দুনিয়া উল্টে গেলেও দেশে আর তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে না। সংবিধান অনুযায়ী আগামী জানায়ারি মাসের আগেই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই নির্বাচন হবে।”
‘সারাদেশে জামায়াত-শিবিরের তাণ্ডব, বায়তুল মোকাররম ভাংচুর, জাতীয় পতাকায় অগ্নিসংযোগ ও হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার’ প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।
মোহাম্মদ নাসিম বলেন, “তাণ্ডব বন্ধ না হলে কয়দিন পর আওয়ামী লীগসহ ১৪ দলের নেতৃত্বে এমন ব্যবস্থা করা হবে যে বিএনপি-জামায়াতকে বাটি চালান দিয়েও খুঁজে পাওয়া যাবে না।”
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, “যুদ্ধাপরাধীদের বিচারের মধ্যে দিয়ে বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা ছিনিয়ে আনতে হবে। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে শাহবাগের গণজাগরণ মঞ্চ যখন কর্মসূচি পালন করছি। তখন বিএনপি যুদ্ধাপরাধীদের রক্ষা করতে তাদের পাশে দাঁড়িয়েছে।”
বিরোধী দলের উদ্দেশ্যে তিনি বলেন, “অর্ন্তবর্তীকালীন সরকারের রূপরেখা দিন। এ নিয়ে সংসদে আলোচনা হতে পারে।”
জাতীয় সমাজতান্ত্রিক দলেল সভাপতি হাসানুল হক ইনু বলেন, “খালেদা জিয়াকে বলবো আপনি জঙ্গিবাদী জামায়াত ও দুর্নীতিবাজ ছেলেদের ত্যাগ করবেন কি না- এটা স্পষ্ট করতে হবে। এদের ত্যাগ না করলে যুদ্ধাপরাধীদের দোসর হিসেবে জনগণ খালেদা জিয়াকে রাজনীতি থেকে বিতাড়িত করতে ঐক্যবদ্ধ হবে।”
ইনু আরো বলেন, “ইসলাম ও নবীর সম্মান হেফাজত করবে রাষ্ট্র। ওলামাদের আহ্বান করবো আসুন ঐক্যবদ্ধ হয়ে ইসলামকে রক্ষা করি, জামায়াতের কবর দিই।”
সাম্যবাদী দলের দিলীপ বড়–য়া বলেন, “খালেদা জিয়া রাজাকারদের কমান্ডারের দায়িত্ব পালন করছেন।”
স্থানীয় সাংসদ ইলিয়াস উদ্দিন মোল্লার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য রাখেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন প্রমুখ।
