বরিশালে বোমা বানানোর সময় বিস্ফোরণে শিবিরকর্মী আহত
বরিশালের উজিরপুর উপজেলায় বোমা বানানোর সময় এক শিবিরকর্মী আহত হয়েছে।
শুক্রবার দুপুরে আহত শিবিরকর্মী রুবেল মাতুব্বরকে (২২) আশংকাজনক অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বলে পুলিশ জানিয়েছে। সে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ফারুক মাতুব্বরের ছেলে।
উজিরপুর থানার ওসি মো. আলাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উপজেলার বরাকোটা এলাকার বিকে মাধ্যমিক বিদ্যালয়ের পিছনে রিপন সিকদারের বাড়িতে বোমা বানারো সময় বিস্ফোরণে আহত হয় রুবেল।তার অবস্থা আশংকাজনক হওয়ায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রিপন সিকদারের স্ত্রীর খালাতো ভাই রুবেল।
সে কয়েকদিন আগে এই বাড়িতে এসেছে। রিপনের ঘর থেকে বোমা তৈরির সরঞ্জামও উদ্ধার করে পুলিশ।
এলাকাবাসী জানায়, রিপন জামায়াত কর্মী, আর রুবেল শিবির কর্মী।
ঘটনার পর পরই পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
