২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জলিলের মরদেহ নওগাঁয়, সন্ধ্যায় দাফন

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিলের মৃতদেহ নওগাঁ পৌঁছেছে শুক্রবার দুপুরে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নওগাঁ,প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2013, 11:45 AM

Updated : 23 Aug 2022, 10:20 AM

সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে দলের নেতৃবৃন্দ জানিয়েছেন।

বেলা ২টায় হেলিকপ্টারযোগে ঢাকা থেকে তার মরদেহ নওগাঁ স্টেডিয়ামে পৌঁছে। সেখান থেকে নেয়া হয় জেলা শহরের চকদেবপাড়ায় আওয়ামী লীগ কার্যালয়ের পাশে নিজ বাসভবনে।

এ সময় শোকার্ত স্বজন ও শুভানুধ্যায়ীদের কান্নায় পরিবেশ ভারি হয়ে উঠে। প্রিয় নেতাকে দেখতে ভির করেন বিভিন্ন শ্রেণিপেশার নারী ও পুরুষ।

ঢাকা থেকে মরদেহের সঙ্গে নওগাঁ আসেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহম্মেদ, আমির হোসেন আমু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, জেলার কয়েকজন সাংসদ ও পরিবারের সদস্যরা। 

বিকাল সোয়া ৩টায় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য আব্দুল জলিলের মরদেহ নেয়া হয় নওগাঁ এটিম মাঠে। এখানে দলীয় নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ তার প্রতি শেষ শ্রদ্ধা জানান।

নওগাঁ জেলা আওয়ামী লীগ সভাপতি ফজলে রাব্বী বকু বলেন, এটিম মাঠে গার্ড অব অনার প্রদান শেষে সেখানেই বিকাল সাড়ে ৫টায় নামাজে জানাজা হবে।

পরে শহরের চক প্রাণ মহল্লায় বাদ মাগরিব আরেকবার নামাজে জানাজা শেষে তার শেষ ইচ্ছানুযায়ী বাবা-মার কবরের পাশে দাফন করা হবে।

বুধবার (৬ মার্চ) সন্ধ্যায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল জলিলের মৃত্যু হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ পৌঁছে।