নির্বাচনে এক হল সরকার সমর্থক আইনজীবীরা
টানাপোড়েনের মধ্যেও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে একটি প্যানেলই চূড়ান্ত করল সরকার সমর্থক আইনজীবীরা।
কয়েকজন মন্ত্রী ও আইনজীবী নেতাদের হস্তক্ষেপে বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে এক প্যানেলের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
এর ফলে আব্দুল বাসের মজুমদার ও মো. রবিউল আলম বুদু নেতৃত্বাধীন প্যানেলই আইনজীবী সমন্বয় পরিষদের হয়ে লড়ছে।
তার প্রতিদ্বন্দ্বিতা করতে হবে বিরোধী দল সমর্থক এ জে মোহাম্মদ আলী ও মাহবুবউদ্দিন খোকন নেতৃত্বাধীন প্যানেলের সঙ্গে।
দুই প্যানেলের বাইরেও বিভিন্ন পদে কয়েকজন প্রার্থী থাকলেও বরাবরের মতোই এই দুই প্যানেলের মধ্যে মূল লড়াই হবে বলে মনে করেন আইনজীবীরা।
গত কিছুকাল ধরে সরকার সমর্থক আইনজীবীদের মোর্চা সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদে ভাঙনের পর বাসেদ-বুদুর পাশাপাশি আরেকটি প্যানেল মনোনয়নপত্র জমা দেয়।
ব্যারিস্টার আমীর উল ইসলাম ও সুব্রত চৌধুরীর অনুসারীদের ওই প্যানেলে সভাপতি প্রার্থী হন আব্দুল মতিন খসরু ও সম্পাদক প্রার্থী হন মোমতাজউদ্দিন মেহেদী।
গত ২৪ নভেম্বর থেকে সরকার সমর্থক আইনজীবীদের জোট সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ দুইভাগে কাজ চালিয়ে আসছিল।
এক পক্ষের আহ্বায়ক হিসাবে রয়েছেন এবারের সভাপতি প্রার্থী বাসেত মজুমদার। অন্যপক্ষে আমীর উল ইসলাম আহ্বায়ক এবং সুব্রত চৌধুরী সদস্য সচিব হিসাবে রয়েছেন।
বৃহস্পতিবার দিনভর সরকারের তিনজন মন্ত্রী-প্রতিমন্ত্রী, ক্ষমতাসীন দলের কয়েকজন শীর্ষস্থানীয় নেতা দুই পক্ষকে নিয়ে বৈঠক করেন।
এরপর বিকালে ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা দিয়ে একটি প্যানেলের পক্ষে মিছিল করেন সরকার সমর্থক আইনজীবীরা।
বৈঠকে সভাপতি পদে আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান বাসেত মজুমদারের প্রার্থিতা চূড়ান্ত হয়। সম্পাদক পদে রবিউল আলম বুদুকে সমর্থন জানানো হয়।
সুব্রত চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিজেদের মধ্যে অনৈক্য না রাখতে আমরা আমাদের পুরো প্যানেল প্রত্যাহার করে নিয়েছি।”
সমন্বয় পরিষদের প্যানেলে সহ-সভাপতির দুটি পদে শেখ আওসাফুর রহমান ও সারওয়ার আহমেদ, কোষাধ্যক্ষ পদে মো. আমির হোসেন এবং সহ সম্পাদক পদে মো. সুজা আল ফারুক ও মোহাম্মদ আলী আজম লড়বেন।
সদস্য পদে এই প্যানেলের ৭ প্রার্থী হলেন- মো. হাবিবুর রহমান হাবিব, গৌরাঙ্গ চন্দ্র কর, মো. আনোয়ার হোসেন রেজা, আয়েশা ফ্লোরা, হোসনেয়ারা বেগম বাবলী, আবুল কালাম আজাদ, জহিরুল ইসলাম ভূঁইয়া।
জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের পক্ষে সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ আলী সাবেক অ্যাটর্নি জেনারেল ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা। সম্পাদক পদপ্রার্থী সংসদ সদস্য খোকন বিএনপির যুগ্ম মহাসচিব এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব।
এই প্যানেলে সহ-সভাপতির দুটি পদে এ বি এম ওয়ালিউর রহমান খান, মো. শাহজাদার নাম ঘোষণা করা হয়েছে। সহ-সম্পাদকের দুটি পদে লড়বেন এবিএম রফিকুল ইসলাম রাজা এবং মোহাম্মদ সাইফুর রহমান।
বিএনপি-জামায়াতপন্থী এই প্যানেলের সাত সদস্য প্রার্থী হলেন- আঞ্জুমান আরা বেগম, ফাতেমা খাতুন, মোহাম্মদ মিজানুর রহমান মাসুম, মো. আলমগীর হোসেন, মো. কামরুজ্জামান সেলিম, মো. তাজুল ইসলাম মজুমদার ও মো. ওয়াহিদুজ্জামান সোহেল।
এই দুই প্যানেলের বাইরে সভাপতি পদে প্রার্থী হয়েছেন বিএনপির সাবেক নেতা ব্যারিস্টার নাজমুল হুদা এবং ড. ইউনুস আলী আকন্দ।
আগামী ১৩ ও ১৪ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন হবে।
নির্বাচন উপ-কমিটির সদস্য মো. আমিনুল হক হেলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এবারের নির্বাচনে ৪ হাজার ৪৫ জন ভোটার রয়েছেন।
