জামায়াতের নিবন্ধন বাতিলের রিট কার্যতালিকায়
জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের আবেদন জানিয়ে করা একটি পুরনো রিট আবারো সুপ্রিম কোর্টের কার্যতালিকায় এসেছে।
বাংলাদেশ তরিকত ফেডারেশনের সেক্রেটারি জেনারেল সৈয়দ রেজাউল হক চাঁদপুরী, জাকের পার্টির মহাসচিব মুন্সি আবদুল লতিফ, সম্মিলিত ইসলামী জোটের প্রেসিডেন্ট মওলানা জিয়াউল হাসানসহ ২৫ জন ওই রিট আবেদন করার পর ২০০৯ সালের ২৭ জানুয়ারি হাই কোর্ট একটি রুল জারি করে।
একটি রাজনৈতিক দল হিসাবে নির্বাচন কমিশনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন কেন আইনগত কর্তৃত্ব বাহির্ভূত এবং গণপ্রতিনিধিত্ব আদেশের ৯০বি(১)(বি)(২) ও ৯০(সি) অনুচ্ছেদের লঙ্ঘন ঘোষণা করা হবে না- তা জানতে চাওয়া হয় ওই রুলে।
জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মো. মুজাহিদ এবং নির্বাচন কমিশন সচিবকে ৬ সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলে বিচারপতি এম বি এম খায়রুল হক ও বিচারপতি মো. আবদুল হাইয়ের বেঞ্চ।
পরে রুলটি বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চে নিয়ে যাওয়া হয়। সেখানে আংশিক শুনানির মধ্যেই ওই বেঞ্চে এখতিয়ার পরিবর্তন হয়ে যায়।
ওই রিটের বাদীপক্ষের আইনজীবী ব্যারিস্টার তানিয়া আমীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমাদের রিটটি আবার কার্যতালিকায় এসেছে। আজ আদালত বসেনি। কবে থেকে আদালত আবার এটি শুনবে তা আগামী কার্যদিবসে (রোববার) বলা যাবে।
ওই রিট সম্পর্কে তিনি বলেন, “২০০৯ সালে রুল জারি হলেও এখন পর্যন্ত বিবাদীদের কারো জবাব আমরা হাতে পাইনি। তবে রুল শুনানি পর্যায়ে জামায়াতের পক্ষে খন্দকার মাহবুব হোসেন ও ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ওকালতনামাও দাখিল করেছিলেন।”
রিট আবেদনে বলা হয়েছিল, চার কারণে জামায়াত রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন পেতে পারে না। প্রথমত, জামায়াত নীতিগতভাবে জনগণকে সকল ক্ষমতা উৎস বলে মনে করে না। সেইসঙ্গে আইন প্রণয়নে জনপ্রতিনিধিদের নিরঙ্কুশ ক্ষমতাকেও স্বীকার করে না। দ্বিতীয়ত, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুসারে কোনো সাম্প্রদায়িক দল নিবন্ধন পেতে পারে না। অথচ কাজে কর্মে ও বিশ্বাসে জামায়াত একটি সাম্প্রদায়িক দল।
তৃতীয়ত, নিবন্ধন পাওয়া রাজনৈতিক দল ধর্ম-বর্ণ-লিঙ্গের কোনো বৈষম্য করতে পারবে না। কিন্তু জামায়াতের শীর্ষপদে কখনো কোন নারী বা অমুসলিম যেতে পারবে না। চতুর্থত, কোনো দলের বিদেশে কোনো শাখা থাকতে পারবে না। অথচ জামায়াত বিদেশের একটি সংগঠনের শাখা। তারা স্বীকারই করে তাদের জন্ম ভারতে। বিশ্বজুড়ে তাদের শাখা রয়েছে।
তানিয়া আমীর বলেন, “জামায়াতে ইসলামীর ইন্দোনেশিয়ার প্রধান সেখানে বালি বোমা হামলার মামলায় দণ্ডিত হয়েছেন। জামায়াত ইসলামী পাকিস্তানও নানা ধরনের সন্ত্রাসী কার্যকলাপে জড়িত।”
সম্প্রতি সারা দেশে জামায়াত নিষিদ্ধের দাবি আবারো জোরালো হয়ে ওঠায় আবেদনকারীরা আবারো মামলাটি শুনানির জন্য নিয়ে আসেন। পরে প্রধান বিচারপতি বেঞ্চ নির্ধারণ করে দেন বলে তানিয়া আমীর জানান।
“এই রিটে হয়তো জামায়াত নিষিদ্ধ হবে না। তবে পক্ষে রায় পেলে একটি অগ্রগতি হবে। জামায়াতের নিবন্ধন পাওয়ার যোগ্যতা নেই- এটাই আমাদের রিটের আলোচ্য বিষয়। তবে এর বাইরেও জামায়াত আরো অনেক অপরাধে অপরাধী।”
এই আইনজীবীর মতে, একাত্তরের অপরাধের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে জামায়াতের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এছাড়া তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য সন্ত্রাস বিরোধী আইনেও ব্যবস্থা নেয়া যায়।
“এর একটি অপরটির বিকল্প নয়। তিন ব্যবস্থাই একসঙ্গে নিতে হবে”, বলেন তানিয়া।
যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে গণ জাগরণ তৈরি হওয়ার পর আন্তর্জাতিক অপরাধ আইন সংশোধন করে সরকার। আর এর মধ্য দিয়েই একাত্তরে মানবতাবিরোধী কর্মকাণ্ডের জন্য দল হিসাবে জামায়াতের বিচার করার পথ তৈরি হয়।
