বেনাপোলে পণ্যজট, শত কোটি টাকা রাজস্ব ক্ষতি
টানা পাঁচ দিনের রাজনৈতিক সহিংসতায় আমদানি-রপ্তানি বন্ধ থাকায় বেনাপোল স্থলবন্দরে প্রায় একশো কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার বিকাল থেকে মঙ্গলবার পর্যন্ত বন্ধ থাকার পর বুধবার সকাল থেকে বন্দরে দ্রুত গতিতে পণ্য খালাস চলছে।
তবে পাঁচ দিনের পণ্যজট খুলতে সময় লাগবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) আব্দুল আওয়াল হাওলাদার বলেন, হরতালের কারণে আমদানিকারকরা বন্দর থেকে পণ্য খালাস করতে না পারায় বন্দরে পণ্যজটের সৃষ্টি হয়েছে।
বেনাপোল শুল্ক ভবনের যুগ্ম কমিশনার আকবর হোসেন বলেন, এ সময় প্রতিদিন গড়ে প্রায় ১৮ কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়েছে।
পণ্য ওঠানামার জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করছে যানবাহন।
বন্দরের সব গেটে পণ্য সরবরাহের জন্য ট্রাক, কাভার্ডভ্যান ও লরির লম্বা লাইন দেখা যায়।
ভারতের পেট্রাপোল বন্দর সি অ্যান্ডএফ এজেন্ট কার্ত্তিক চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পণ্যজটের কারণে পেট্রাপোল বন্দরেও কয়েক হাজার পণ্য বোঝাই ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশের অপেক্ষায় আছে।
