জামায়াত-শিবিরের তাণ্ডবের প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন
সারাদেশে জামায়াত-শিবিরের তাণ্ডব ও সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর-উপাসনালয়ে হামলার প্রতিবাদে মানববন্ধন ও নাগরিক সমাবেশ হয়েছে চট্টগ্রামে।
বুধবার বিকালে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে এসব কর্মসূচি থেকে বক্তারা অভিযোগ করেন, একাত্তরের পরাজিত শক্তি মুক্তিযুদ্ধের পক্ষের লোক ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা করে নানাভাবে বিভ্রান্তি সৃষ্টির পাঁয়তারা করছে।
তারা ওই ‘সাম্প্রদায়িক’ শক্তিকে প্রতিরোধে একাত্তরের মুক্তিযুদ্ধের মতো ঘরে ঘরে দুর্গ গড়ে তোলারও আহবান জানান।
এছাড়া বক্তারা চট্টগ্রামসহ সারাদেশে ধর্মীয় সংখ্যালঘুসহ পুলিশ প্রশাসন ও সাধারণ মানুষের জানামালের ওপর হামলার তিব্র নিন্দা জানিয়ে দোষীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদানের দাবি জানান।
সমাবেশে কবি ও সাংবাদিক আবুল মোমেন বলেন, “দেশের এক বিশেষ সন্ধিক্ষণে আমরা রাজপথে নেমেছি। বাংলাদেশ একাত্তরের মুক্তিযুদ্ধের ফসল হয়ে থাকলে সেখানে চিহ্নিত যুদ্ধাপরাধী ও মুক্তিযোদ্ধারা একসাথে থাকতে পারে না।”
এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, এই সাম্প্রদায়িক শক্তি যেমন জাতীয় পতাকা ছিঁড়েছে, তেমনি মসজিদের জায়নামাজও পুড়িয়েছে। তারা দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে।
এই যুদ্ধকে ‘দ্বিতীয় মুক্তিযুদ্ধ’ অভিহিত করে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, “এ যুদ্ধে শুভশক্তির মানুষের জয় অবশ্যই হবে।”
‘সচেতন নাগরিক সমাজ ও সর্বস্তরের সংস্কৃতি কর্মীবৃন্দ’ এর ব্যানারে আয়োজিত কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান, মো. শাহাবুদ্দিন, নারীনেত্রী নুরজাহান খান, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান, অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর, আখতার কবীর চৌধুরী, সংস্কৃতিকর্মী রণজিৎ রক্ষিত, রাশেদ হাসান প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন শহীদজায়া বেগম মুশতারী শফী, দেলোয়ার মজুমদারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
কর্মসূচিতে সংহতি জানায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাসদ গণসংহতি আন্দোলন, মুক্তিযোদ্ধা সংসদ, সাম্প্রদায়িকতা বিরোধী তরুণ উদ্যোগ, বোধন আবৃত্তি পরিষদ, প্রমা আবৃত্তি সংগঠন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, সম্মিলিত আবৃত্তি জোট, গ্রুপ থিয়েটার ফেডারেশন, উদীচী, চারণসহ বিভিন্ন সংগঠন।
