রুয়েটের নতুন উপাচার্য মর্ত্তুজা আলী
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সিরাজুল করিম চৌধুরীকে অব্যহতি দেয়া হয়েছে।
বুধবার একই আদেশে নতুন উপাচার্য হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক মর্ত্তুজা আলীকে দায়িত্বও দেয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপ্রতি জিল্লুর রহমানের স্বাক্ষরিত এক আদেশে এ অব্যাহতি ও নিয়োগের কথা বলা হয়।
এতে বলা হয়েছে, পরবর্তী উপাচার্য নিয়োগ না দেয়া পর্যন্ত মর্ত্তুজা আলী রুয়েট ভিসির দায়িত্ব পালন করবেন।
সকাল ১১টার দিকে নতুন উপাচার্যকে দাপ্তরিক দায়িত্ব হস্তান্তর করেছেন সদ্য বিদায়ী উপাচার্য অধ্যাপক সিরাজুল করিম চৌধুরী।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি সকাল থেকে দাপ্তরিক কাজ করেছি। পরে আচার্যের আদেশ পৌঁছানোর পর উপাচার্য হিসেবে মর্ত্তুজা আলীকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছি।”
“মঙ্গলবার রাতেই আমাকে শিক্ষামন্ত্রণালয় থেকে টেলিফোনে বিষয়টি নিশ্চত করা হয়েছিল,” বলেন তিনি।
নবনিযুক্ত উপাচার্য মর্ত্তুজা আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উপাচার্য হিসেবে আমি দায়িত্ব গ্রহণ করেছি। দায়িত্ব পালনে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের সহায়তা কামনা করছি।”
গত বছরের ১৫ নভেম্বর থেকে ফলাফল জালিয়াতির অভিযোগ উপাচার্য সিরাজুল করিম চৌধুরীর পদত্যাগ দাবিতে আন্দোলনে নেমেছিল মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদ।
