ঝালকাঠী ও মাদারীপুরে চার শিশুর মৃত্যু
ঝালকাঠীতে নদীতে ডুবে দুই শিশু এবং মাদারীপুরে অগ্নিদগ্ধ হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।
ঝালকাঠি প্রতিনিধি জানান, বুধবার সকালে কাঠালিয়া উপজেলায় বিষখালী নদীর শাখা বামনের নদী থেকে সাগর (৮) ও রাকিবের (৭) লাশ উদ্ধার করা হয়।
সাগর আওরাবুনিয়া গ্রামের শাহজাহান বিশ্বাসের ও রাকিব একই গ্রামের তৈয়ব আলী হাওলাদারের ছেলে।
কাঠালিয়া থানার ওসি তোফাজ্জেল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার দুপুরে বামনের নদীতে গোসল করতে নেমে সাগর ও রাকিব নিঁখোজ হয়।
সাগর স্থানীয় কাটাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণিতে এবং রাকিব চৌধুরী হিস্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণিতে পড়তো।
মাদারীপুর প্রতিনিধি জানান, শিবচর উপজেলার কুতুবপুরে অগ্নিদগ্ধ হয়ে মারা যায় আকনেরকান্দি গ্রামের হযরত সরদারের দুই ছেলে আসিফ সরদার (১০) ও সিদ্দিক সরদার (৪)।
শিবচর থানার ওসি মাসুদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার রাতে গ্রামের আবুল বাশারের রান্নাঘরে আগুন ধরে। পরে তা আটটি ঘরে ছড়িয়ে পড়ে।
