ব্যবসায়ী জামাল হত্যা: দুই ভাইয়ের মৃত্যুদণ্ড
পুরান ঢাকার কেমিকেল ব্যবসায়ী জামাল হোসেন হত্যা মমালায় তার প্রতিষ্ঠানের কর্মচারী দুই ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
মামলার প্রধান দুই আসামি মো. তাসের ও আলমগীর বাসেরকে মৃত্যুদণ্ড দেন বিচারক। আর তাদের মা জুলেখা বেগমকে পাঁচ বছরের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেয়া হয়।
হত্যাকাণ্ডে তাসের ও বাসেরের বাবা ফটিক মাতুব্বরের সংশ্লিষ্টতা প্রমাণিত না হওয়ায় রায়ে তাকে খালাস দেয়া হয়।
মামলার বিবরণে বলা হয়, তাসের ও বাসের ২০০৮ সালের ২৩ মে কৌশলে ব্যবসায়ী জামালকে ফরিদপুরে নিয়ে গিয়ে হত্যা করে এবং সেখানেই লাশ গুম করে। জামালের সঙ্গে থাকা দেড় লাখ টাকাও লুটে নেয় তারা।
ওই ঘটনার পর জামালের বড় ভাই কাজী আনোয়ার হোসেন ঢাকার কতোয়ালি থানায় একটি মামলা করেন।
মামলার শুনানি শেষে বুধবার আসামিদের অনুপস্থিতিতেই রায় ঘোষণা করেন বিচারক।
