‘ভয়হীন চিত্তের অধিকারী এদেশের নতুন প্রজন্ম’
ভারতীয় রাষ্ট্রপতি প্রণব মুখার্জী বলেছেন, এদেশের নতুন প্রজন্ম মুক্ত জ্ঞান ও ভয়হীন চিত্তের অধিকারী, এরাই বাংলাদেশের ভবিষ্যত উজ্জ্বল করবে।
দুপুর আড়াইটার দিকে বাংলাদেশ বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে মির্জাপুর কুমুদিনী হাসপাতাল মাঠে নামেন তিনি। সেখান থেকে যান ভারতেশ্বরী হোমসে।
সেখানে তাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। পরে ভারতেশ্বরী হোমসের শিক্ষার্থীরা অভ্যর্থনা জানান সফররত এ ভারতীয় প্রথম বাঙালি রাষ্ট্রপতিকে।
অভ্যর্থনা অনুষ্ঠানে প্রণব মুখার্জি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বাংলাদেশের ভবিষ্যত কত উজ্জ্বল তা আপনাদের দেখেই বোঝা যায়। এখান থেকে শিক্ষা নিয়ে আপনাদেরকে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।
বাংলাদেশ নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নে বহুদূর এগিয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা।
এ সময় পররাষ্ট্র মন্ত্রী দীপু মনি, স্থানীয় সংসদ সদস্য মো. একাব্বর হোসেন, জেলা পরিষদ প্রশাসক ফজলুর রহমান খান, জেলা প্রশাসক মো. আনিছুর রহমান মিঞা, পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীরসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এরপর তিনি ভারত সরকারের অর্থায়নে কুমুদিনী কমপ্লেক্সে কম্বাইন্ড ওয়েস্ট ওয়াটার সিস্টেম ম্যানেজমেন্ট নির্মাণ কাজের ভিত্তিফলক উম্মোচন করেন। পরে তিনি মির্জাপুর কুমুদিনী হাসপাতাল পরিদর্শন করেন। এরপর বিকাল ৪টা ২৫ মিনিটে কুষ্টিয়া কুঠিবাড়ির উদ্দেশে মির্জাপুর ত্যাগ করেন।
