২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু জাদুঘরে প্রণব

ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত রচনার অবদান স্মরণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2013, 10:47 AM

Updated : 25 Apr 2022, 06:26 PM

সফরের দ্বিতীয় দিন সোমবার দুপুরে ধানমণ্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে যান ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি।

জাদুঘরে প্রণব মুখোপাধ্যায়কে স্বাগত জানান বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানা ও তার ছেলে। প্রায় এক ঘণ্টা সেখান কাটান তিনি।

জাদুঘরে পৌঁছে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রণব মুখোপাধ্যায়। এরপর বঙ্গবন্ধুর ছবিসহ তার ব্যবহৃত বিভিন্ন জিনিস ঘুরে দেখেন তিনি।

বঙ্গবন্ধুকে যেখানে গুলি করা হয়, সেই সিঁড়ির সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন তিনি।

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নায়ক বঙ্গবন্ধুকে একজন মহান নেতা হিসেবে উল্লেখ করেন প্রণব।

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ভারতবাসীর সঙ্গে প্রণবেরও অবদান ছিল। এজন্য বিকালে আনুষ্ঠানিকভাবে সম্মাননাও জানানো হচ্ছে তাকে।

ভারত-বাংলাদেশ সম্পর্ক গড়ে ওঠার ক্ষেত্রে বঙ্গবন্ধুর ভূমিকা স্মরণ করে জাদুঘর পরিদর্শক বইয়ে স্বাক্ষর করেন ভারতীয় রাষ্ট্রপতি।

শেখ মুজিবুর রহমানের নেতৃত্বের প্রশংসা করে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি।