‘সব দলের অংশগ্রহণে নির্বাচনে গুরুত্ব প্রণবের’
ভারতীয় রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় বাংলাদেশে সব দলের অংশগ্রহণে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে জোর দিয়েছেন বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।
সোমবার সকালে হোটেল সোনারগাঁওয়ে ভারতীয় রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষতের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
“আমি তাকে জানিয়েছি, আমরাও চাই, সবার অংশগ্রহণে নির্বাচন হোক।”
আর বাংলাদেশের রাজনীতিবিদদেরই এর পথ খুঁজে বের করতে হবে বলে মন্তব্য করেন ভারতের রাষ্ট্রপতি।
সরকার ত্তত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করায় আগামী নির্বাচন হবে ক্ষমতাসীন আওয়ামী লীগের অধিনেই। এর বিরোধিতায় বিএনপি বলে আসছে, সরকার সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক ব্যবস্থা না ফেরালে তারা আগামী নির্বাচনে যাবে না।
এই পরিস্থিতিতে দেশের এই দুই প্রধান রাজনৈতিক দলের মধ্যে সংলাপের তাগিদ এসেছে বিভিন্ন মহল থেকে।
বর্তমান সরকারের অন্যতম শরিক জাতীয় পার্টির প্রধান এরশাদ বিভিন্ন সময়ে বলে আসছেন, প্রয়োজনে এককভাবেই আগামী নির্বাচনে অংশ নেবে তার দল।
প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের বিষয়ে এরশাদ বলেন, তিস্তার পানি বণ্টন ও স্থল সীমান্ত চুক্তির বিষয়টি ভারত এগিয়ে নেবে বলে আশ্বস্ত করেছেন সে দেশের রাষ্ট্রপতি।
এই সৌজন্য সাক্ষাতে আলোচনায় এসেছে জামায়াত ও বিএনপির হরতালের প্রসঙ্গও।
প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে বাংলাদেশে আসা প্রতিনিধি দলের এক সদস্য এরশাদকে বলেন, এই সফরের সময় টানা হরতাল চলায় তারা খানিকটা হতাশ।
“আমি তাদের বলেছি, বিষয়টা আমাদেরও ভঅল লাগেনি। আমি তাদের কাছে এ জন্য দুঃখ প্রকাশ করেছি। তবে তাদের জানিয়েছি, এটা বিচ্ছিন্ন ঘটনা। ঠিক হয়ে যাবে।”
যুদ্ধাপরাধীদের বিচারের রায় প্রত্যাখ্যান করে রবি ও সোম টানা দুদিন ধরে ডেকেছে করছে জামায়াতে ইসলামী। আর জামায়াতের সহিংসতার সময় সংঘর্ষে অর্ধশতাধিক মানুষের মৃত্যুর প্রতিবাদে মঙ্গলবারও হরতাল ডেকেছে তাদের জোটসঙ্গী বিএনপি।
এই হরতালেরই প্রথম দিন রবিবার একটি বিশেষ বিমানে করে ঢাকা পৌঁছান ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।
সফরের প্রথম দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাৎ করেন। বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গেও তার সাক্ষাতের সূচি থাকলেও হরতালের কারণে যাচ্ছেন না বলে জানিয়ে দিয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
