আনোয়ারায় হরতালবিরোধী মিছিলে শিবিরের হামলা
চট্টগ্রামের আনোয়ারায় আওয়ামী লীগের হরতালবিরোধী মিছিলে হামলা চালিয়েছে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা।
রোববার দুপুরে আনোয়ারা উপজেলার উপকূলবর্তী জুঁইদণ্ডী ইউনিয়নের লামা বাজারে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ২টার দিকে জামায়াতের ডাকা হরতালের বিরুদ্ধে স্থানীয় আওয়ামী লীগের নেতৃত্বে মিছিল বের হলে জামায়াত-শিবির কর্মীরা হামলা চালায়।
আনোয়ারা থানার এসআই সাইফুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশ ঘটনাস্থলে গেলে জামায়াত-শিবির কর্মীরা পুলিশের উপরও হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েক রাউণ্ড ফাঁকা গুলি ছোঁড়ে পুলিশ। এতে উভয় পক্ষের প্রায় ২০ জন আহত হয়।
আহতের মধ্যে গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
তবে গুলিতে কেউ হতাহত হওয়ার কথা অস্বীকার করেন এসআই সাইফুল্লাহ।
তিনি বলেন, ইটের আঘাতে পাঁচজন হরতালবিরোধী মিছিলকারী আহত হয়েছেন।
এসআই সাইফুল্লাহ জানান, এ সময় উত্তেজিত জনতা স্থানীয় বাজারে দুই শিবির সমর্থকের দোকানে আগুন দেয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সাংবাদিকরা জানান, ওই দোকানগুলো থেকে বের হয়ে জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা মিছিলে হামলা চালিয়েছিল।
