‘ভারতীয় অনুদানের দ্বিতীয় কিস্তি আগামী মাসে’
ভারতের ঋণ চুক্তির আওতায় অনুদানের ২০ কোটি ডলারের দ্বিতীয় কিস্তিতে আরো পাঁচ কোটি ডলার আগামী মাসেই বাংলাদেশের হাতে আসবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
অর্থমন্ত্রী বলেন, ভারতের রাষ্ট্রপতি তাকে জানিয়েছেন, অনুদানের ২০ কোটি ডলারের দ্বিতীয় কিস্তিতে আরো পাঁচ কোটি ডলার পাবে বাংলাদেশ। এই অর্থ আগামী মাসেই ছাড় করা হবে।
২০১০ সালের অগাস্টে একশ’ কোটি ডলারের ঋণচুক্তি করে ভারত ও বাংলাদেশ। এই একশ’ কোটি ডলার ঋণের মধ্যে অনুদান হিসেবে দেয়া হয় ২০ কোটি ডলার।
প্রথমে এই ঋণের সুদ এক দশমিক ৭৫ শতাংশ ধরা হলেও ২০১২ সালে তা কমিয়ে এক শতাংশে আনা হয়।
নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণে এই অর্থ ব্যয় হবে বলে আগেই জানিয়ে দিয়েছেন অর্থমন্ত্রী মুহিত।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ প্রথম কিস্তির পাঁচ কোটি ডলারের চেক এর আগে গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন।
অর্থমন্ত্রী বলেন, বৈঠকে ভারতের রাষ্ট্রপতি নিজস্ব উদ্যোগে পদ্মা সেতু নির্মাণের সম্ভাব্যতা নিয়ে তার কাছে জানতে চেয়েছিলেন। অর্থমন্ত্রী তাকে বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এখন স্থিতিশীল। লেনদেন ভারসম্য ও রিজার্ভসহ অন্যান্য সূচক ও ভালো অবস্থানে রয়েছে। সুতরাং প্রতি বছর ধাপে ধাপে এ প্রকল্পের জন্য অর্থ যোগানো সরকারের পক্ষে খুবই সম্ভব।
নিজস্ব উদ্যোগে পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা নিয়ে ৫ মার্চ সংসদে একটি বিবৃতি দেবেন বলেও অর্থমন্ত্রী জানান।
দুর্নীতির অভিযোগ নিয়ে দীর্ঘ টানাপড়েন শেষে সরকার গত ৩১ জানুয়ারি বিশ্ব ব্যাংককে জানিয়ে দেয়, এ প্রকল্পের জন্য তাদের অর্থ বাংলাদেশ আর নেবে না। এরপ সংসদে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের একটি রূপরেখাও দেন অর্থমন্ত্রী।
২৯০ কোটি ডলারের পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংকের ১২০ কোটি ডলার দেয়ার কথা ছিল।
