২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতাল প্রতিহতের ডাক ‘গণজাগরণ মঞ্চের’

যুদ্ধাপরাধের মামলায় জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের বিরুদ্ধে ডাকা জামায়াত-শিবিরের হরতাল ও সারাদেশে ‘সাম্প্রদায়িক দাঙ্গা পরিস্থিতি’ সৃষ্টির প্রচেষ্টা সম্মিলিতভাবে প্রতিহতের ডাক দিয়েছে শাহবাগের গণজাগরণ মঞ্চ।  

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2013, 04:23 PM

Updated : 23 Aug 2022, 10:17 AM

এছাড়া বিরোধীদলীয় নেত্রীর বক্তব্য এ পরিস্থিতিকে আরো উস্কে দিয়েছে বলেও মঞ্চের আন্দোলনকারীরা অভিযোগ করেন।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার রোববারের কর্মসূচি ঘোষণা করার সময় এ আহ্বান জানান।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, রোববার সকাল ১০টায় শাহবাগের ‘প্রজন্ম চত্বর’ থেকে হরতালবিরোধী মিছিল রেব হবে। এছাড়া বিকাল ৩টায় পুরান ঢাকার বাহদুর শাহ পার্কে পূর্বঘোষিত সমাবেশটিও অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।

ইমরান বলেন, “আজকে সারা বাংলাদেশে জামাত-শিবির যে সাম্প্রদায়িক দাঙ্গা পরিস্থিতি সৃষ্টি করেছে গণজাগরণ মঞ্চ তার বিরুদ্ধে একইসঙ্গে তীব্র ঘৃণা ও নিন্দা জ্ঞাপন করছে।

“এই নিন্দা একাত্তরের সাম্প্রদায়িক হায়েনাদের প্রতি যারা সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে সারা বাংলাদেশেকে করে তুলছে অস্থিতিশীল। আজ সারা বাংলাদেশে জামায়াত-শিবির সন্ত্রাসী চক্র শুরু করেছে সাম্প্রদায়িক নির্যাতন। ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, নীলফামারীসহ দেশের বিভিন্ন জায়গায় দাঙা পরিস্থিতির উদ্ভব ঘটিয়েছে জামায়াত।”

গণজাগরণ মঞ্চের মুখপাত্র বলেন, “গণজাগরণ মঞ্চ থেকে স্পষ্ট করে বলতে চাই এ সম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অপচেষ্টা বাঙালি কখনোই মেনে নিবে না। বিভিন্ন স্থানে য়ে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে তা একসঙ্গে প্রতিহত করবে বাঙালি।”

জনগণকে ঐক্যবদ্ধভাবে রোববারের ও সোমবারের হরতাল প্রতিহত করার আহ্বান জানানো হয় মঞ্চ থেকে। বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘর ও উপাসনালয়গুলো রক্ষারও আহ্বান জানানো হয়।

গণজাগরণ মঞ্চের ঘোষণায় পুলিশসহ সব আইন-শুঙ্খলা বাহিনীকে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণ করে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়ানোর অপচেষ্টা রুখে দেয়ার আহ্বান জানানো হয়। ভাঙচুর, নির্যাতনের মাধ্যমে ভীতি ছড়ানোর অপচেষ্টা নিজেদের পেশাগত দক্ষতা দিয়ে প্রতিহত করারও আহ্বান জানানো হয় সংবাদকর্মীদের।

এছাড়া বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও বিদ্বেষমূলক বার্তা ছড়ানোর বিরুদ্ধে শক্ত অবস্থান নেয়ার আহ্বান জানানো হয় ব্লগার ও অনলাইন এক্টিভিস্টদের।

যুদ্ধাপারীদের ফাঁসি ও জামায়াত-শিবির নিষিদ্ধের দাবিতে অন্যান্য দিনের মতো শনিবারও স্লোগানে, স্লোগানে মুখর হয়ে উঠে শাহবাগের ‘প্রজন্ম চত্বর’।

সকাল থেকেই গণজাগরণ মঞ্চ শ্লোগান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখর হয়ে ওঠে। দুপুরে লোক সমাগম কিছুটা কমে এলেও বিকেলে লোক সমাগম বাড়তে শুরু করে। সন্ধ্যার আগেই হাজার হাজার জনতা হাজির হয় প্রজন্ম চত্বরে।

পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী এদিন শাহবাগে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি দেশব্যাপী জামায়াত-শিবিরের তাণ্ডবের প্রতিবাদে মিছিল বের হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।

মিছিলের নেতৃত্বে ছিলেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ,  বাংলাদেশ ছাত্রমৈত্রীর সভাপতি বাপ্পাদিত্য বসু, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান তারেক, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি রাশেদ শাহরিয়ার, জাসদ ছাত্রলীগের সভাপতি হুসাইন আহমেদ তফসির প্রমুখ।

মধুর ক্যান্টিন থেকে মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়।

সকাল সাড়ে ১১টায় জাতীয় সঙ্গীতের সঙ্গে সঙ্গে গণজাগরণ মঞ্চে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা তোলেন মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।

পতাকা উত্তোলনের পরপরই ‘জয় বাংলা’, ‘আমার সোনার বাংলায়, রাজাকারের ঠাঁই নাই’ স্লোগানে প্রকম্পিত হয় শাহবাগের প্রজন্ম চত্বর।

ইমরান বলেন, “জামায়াত-শিবিরের ‘হায়েনারা’ দেশে তাণ্ডব চালিয়েছে, জাতীয় পতাকা ছিঁড়েছে, তা নজীরবিহীন। এই বাংলায় কোনো রাজাকারকে ঠাঁই দেয়া হবে না।”

গত ২২ ফেব্রুয়ারি শুক্রবার জুমার নামাজের পর দেশের বিভিন্ন স্থানে মসজিদ থেকে মিছিল নিয়ে গণজাগরণ মঞ্চ ভাংচুর করা হয়, ছিড়ে ফেলা হয় জাতীয় পতাকা। সিলেট ও ফেনীতে শহীদ মিনারে আগুন দেয় মিছিলকারীরা। এজন্য জামায়াত-শিবিরকে দায়ী করা হলেও তারা এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

পুরনো খবর:

হরতাল প্রতিহতের ডাক ‘গণজাগরণ মঞ্চের’